কাল দুই বাংলায় মুক্তি পাচ্ছে মনের মানুষ
কাল ৩ ডিসেম্বর দুই বাংলায় মুক্তি পাচ্ছে গৌতম ঘোষ পরিচালিত ছবি ‘মনের মানুষ’। পরিচালনার পাশাপাশি গৌতম ঘোষ ছবিটির চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সংগীত পরিচালনা ও সম্পাদনার কাজও করেছেন। ‘মনের মানুষ’ ছবির শুভমুক্তি উপলক্ষে নানা ধরনের প্রচারণার আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে গত ৪ নভেম্বর লালন একাডেমির সহযোগিতায় কুষ্টিয়ার ছেউড়িয়া লালন শাহ্র মাজারসংলগ্ন মাঠে প্রথম প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করে লালনসাধুদের একটি দল।এদিকে ‘মনের মানুষ’ ছবির মুক্তি উপলক্ষে ঢাকায় আসছেন প্রসেনজিৎ। সর্বশেষ ১৯৯৮ সালে যৌথ প্রযোজনার ছবি ‘আমি সেই মেয়ে’তে বাংলাদেশের দর্শকেরা প্রসেনজিৎকে দেখে। এর আগে অবশ্য ‘প্রিয় শত্রু’ নামের আরেকটি ছবিতেও তিনি অভিনয় করেছিলেন। এটিও ছিল যৌথ প্রযোজনার ছবি।‘মনের মানুষ’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও আশীর্বাদ চলচ্চিত্র এবং ওপার বাংলার প্রযোজক ও পরিবেশক রোজ বেলি ফিল্মস।গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’ ছবির অভিনয়শিল্পীরা হলেন প্রসেনজিত্, চম্পা, চঞ্চল চৌধুরী, পাওলি ধাম, সৈয়দ হাসান ইমাম, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, রাইসুল ইসলাম আসাদ, রোকেয়া প্রাচী প্রমুখ।বাংলাদেশে প্রায় ৩০টি এবং কলকাতায় প্রায় ৭০টি প্রেক্ষাগৃহে একযোগে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে।