কাল দেশ টিভির ট্রিবিউট টু দ্য লিজেন্ডে জন ডেনভার
বিশ্ববরেণ্য গায়ক জন ডেনভারের গান নিয়ে দেশ টিভিতে ২ সেপ্টেম্বর রাতে প্রচারিত হবে সংগীতবিষয়ক নিয়মিত অনুষ্ঠান ট্রিবিউট টু দ্য লিজেন্ড। অনুষ্ঠানটির এবারের পর্ব উপস্থাপনার পাশাপাশি জন ডেনভারের অন্যতম জনপ্রিয় দুটি গান গেয়েছেন শাফিন আহমেদ। এরই মধ্যে অনুষ্ঠানটির ধারণ কাজ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে গান গাওয়া প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, ‘গান গাওয়ার পাশাপাশি পুরো অনুষ্ঠানটির সঞ্চালনাও করেছি আমি। এখানে জন ডেনভারের অত্যন্ত জনপ্রিয় দুটি গান (টেক মি হোম) কান্ট্রি রোডস এবং অ্যানি’স সং গেয়েছি।’ শাফিন আহমেদ আরও জানান, ‘তেমন কোনো প্রস্তুতি ছাড়াই গানগুলো গেয়েছি। সব মিলিয়ে অনুষ্ঠানটি করে খুব ভালো লেগেছে। গত ভালোবাসা দিবসে প্রকাশিত আমার “মাই লাভ সংস” অ্যালবামেও অ্যানি’স সং গানটি গেয়েছিলাম।’ ট্রিবিউট টু দ্য লিজেন্ড অনুষ্ঠানে শাফিন আহমেদ (মাইলস) ছাড়া আরও গেয়েছেন সুমন (পেন্টাগন) এবং শামীম (পেন্টাগন)। অনুষ্ঠানটিতে আরও অংশ নিয়েছেন ফোয়াদ নাসের বাবু (ফিডব্যাক), মোরশেদ (পেন্টাগন) এবং ফয়সাল (ফরটিন্থ ফ্লোর)। উল্লেখ্য, ফোয়াদ নাসের বাবুর সার্বিক তত্ত্বাবধানে এবং আলমগীর হোসেনের প্রযোজনায় দেশ টিভিতে ট্রিবিউট টু দ্য লিজেন্ড অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে সপ্তাহের প্রতি রোববার রাত ৯টা ৪৫ মিনিটে।