কাল দেশে ফিরছেন আজম খান
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার প্রাক্কালে বিমানবন্দরে একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন পপগুরু আজম খান। সেখানে তিনি দেশবাসীর কাছে রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি আবার দর্শক-শ্রোতাদের মাঝে ফিরে আসতে চাই, আবার পূর্ণোদ্যমে গান করতে চাই।’ প্রধানমন্ত্রীসহ যাঁরা আমার চিকিৎসায় সাহায্যে এগিয়ে এসেছেন, তাঁদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। তবে আপাতত গান গাইতে না পারলেও দর্শক-শ্রোতাদের ভালোবাসায় তাদের কাছে ফিরছেন আজম খান।কাল মঙ্গলবার রাতে দেশে ফিরবেন পপগুরু আজম খান। পারিবারিক সূত্রে জানা গেছে, কাল রাত সাড়ে নয়টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে একমাত্র ছেলে হৃদয় খানকে নিয়ে তিনি দেশে ফিরবেন।মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত আজম খান স্থানীয় চিকিৎসকদের পরামর্শে গত ১৪ জুলাই উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুর যান। সেখানে গিয়ে আজম খান ভর্তি হন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। তারপর ২৮ জুলাই নাক, কান ও গলার শল্যচিকিৎসক অ্যান্ড্রু লয় হেং চেইনের নেতৃত্বে আজম খানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।দেশে ফিরে আজম খান রাজধানীর কমলাপুরের জসিম উদ্দিন রোডে তাঁর নিজ বাড়িতেই উঠবেন। আজম খানের মেয়ে ইমা খান জানান, আগামী ১১ অথবা ১২ সেপ্টেম্বর তারিখে বাবাকে (আজম খান) কেমোথেরাপি নেওয়ার জন্য আবার সিঙ্গাপুর যেতে হবে।