কাল দেশে ফিরছেন মিরাক্কেলের তিন প্রতিযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে কয়েকবার আসি আসি করেও দেশে আসা হয়নি মিরাক্কেলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা তিন প্রতিযোগী—আবু হেনা রনি, আনোয়ারুল আলম সজল ও ইশতিয়াক নাসিরের। অবশেষে কাল ২৭ জুলাই শুক্রবার সকাল সাতটায় কলকাতা থেকে ঢাকা পৌঁছাবেন তাঁরা।প্রথম আলো ডটকমকে ‘মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬’-এর চ্যাম্পিয়ন আবু হেনা রনি তাঁদের ঢাকায় আসার ব্যাপারটি নিশ্চিত করেছেন।রনি বলেন, ‘ফেব্রুয়ারি মাসের ১ তারিখে সজল ও আমি কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়ি। অনেক দিন পরিবার থেকে দূরে ছিলাম। তাই বাড়িতে ফেরার বিষয়টি নিশ্চিত হওয়ায় বেশ আনন্দ লাগছে। তবে মিরাক্কেলে এসে আরেকটি পরিবার পেয়েছি। এখানে নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। মিরাক্কেলের সবাইকে অনেক মিস করব।’রনি আরও বলেন, ‘অনেক দিন ধরেই ঢাকার বেশ কয়েকজন নির্মাতা ফেসবুক ও মুঠোফোনের মাধ্যমে তাঁদের নাটকে অভিনয়ের ব্যাপারে আগ্রহ দেখিয়ে আসছেন। দেশে ফেরার পর কথাবার্তা বলে নাটকে অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ ইশতিয়াক নাসির জানান, ‘৫ জুলাই আমরা শেষ শুটিংয়ে অংশ নিই। সেটি প্রচারিত হয়েছে ১৫ জুলাই। অনেক দিন পর দেশে ফিরছি, ভাবতেই ভালো লাগছে। তবে মিরাক্কেলের সবার কথা খুব মনে পড়বে।’ রনির মতো ইশতিয়াক নাসিরেরও এরই মধ্যে বাংলাদেশের কয়েকজন নির্মাতার সঙ্গে টিভি নাটক ও কমেডি ঘরানার অনুষ্ঠানের ব্যাপারে আলাপ হয়েছে। দেশে ফিরে তিনি সিদ্ধান্ত নেবেন কোন কাজগুলো করবেন।এদিকে মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬-এর আরেক প্রতিযোগী মো. জামিল হোসেন এখন বাংলাদেশে। গান ও নাটকের কাজ শুরু করেছেন। সামনে চলচ্চিত্রের কাজ করবেন।‘মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬’ প্রতিযোগিতায় নাটোরের ছেলে আবু হেনা রনি পশ্চিমবঙ্গের ভিকি-পার্থর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হন। পাশাপাশি রনি দর্শকদের ভোটে সেরার পুরস্কার পান। আর ঢাকার কল্যাণপুরের আনোয়ারুল আলম সজল হন দ্বিতীয় রানার আপ।