প্রতিবারের মতো পয়লা অগ্রহায়ণ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের স্লোগান ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’
গতকাল বুধবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদের সংবাদ সম্মেলনে উৎসবের কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে, কৃষিপ্রধান বাংলাদেশে বাঙালির জীবনে পয়লা অগ্রহায়ণের গুরুত্ব বিবেচনা করে দিনটিকে সরকারি ছুটির দিন ঘোষণা করার দাবি করা হয়।
সকাল সাতটায় বাঁশির সুরের মূর্ছনায় উৎসব শুরু হবে। উৎসবে নৃত্য, সংগীত, আবৃত্তি, নবান্ন কথন , রায়বেঁশে নাচ ও আদিবাসীদের নাচ-গান অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টায় চারুকলার বকুলতলা থেকে শোভাযাত্রা বের হবে। একই দিনে পবিত্র আশুরা হওয়ায় দুপুর ১২টায় নবান্ন উৎসব শেষ হবে।
নবান্ন উৎসব উদ্যাপন পর্ষদের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন লায়লা হাসান, শাহরিয়ার সালাম, মানজার চৌধুরী প্রমুখ।
আজ থেকে হে ফেস্টিভ্যাল শুরু
আজ থেকে আন্তর্জাতিক সাহিত্য উৎসব ‘হে ফেস্টিভ্যাল’ তৃতীয়বারের মতো শুরু হচ্ছে ঢাকায়। সকাল নয়টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে বাংলা একাডেমি প্রাঙ্গণের মঞ্চে। একাডেমিতে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত উৎসবের অধিবেশন চলবে। উৎসবে অংশগ্রহণের জন্য নাম নিবন্ধনের প্রয়োজন হবে না। সাহিত্যানুরাগী যে কেউ এতে অংশ নিতে পারবেন। এই উৎসব আয়োজন করছে আন্তর্জাতিক হে উৎসব উদ্যাপন কমিটি। এর টাইটেল স্পনসর করছে দ্য ডেইলি স্টার। অনুষ্ঠান কেন্দ্র দিয়ে সহায়তা করছে বাংলা একাডেমি।
হেমন্ত মেলা
আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের ‘ধামাকা হেমন্ত মেলা’। রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের ২০ নম্বর বাড়িতে অবস্থিত ডব্লিউভিএ মিলনায়তনে এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।
দুই দিনের নাট্যোৎসব
নাট্যচর্চার ২৭ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ থিয়েটার দুই দিনের নাট্যোৎসবের আয়োজন করছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন বিশ্ব আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার। পরে মঞ্চস্থ হবে নতুন নাটক সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা। শুক্রবার দ্বিতীয় দিন সকালে রয়েছে শোভাযাত্রা, বিকেলে সংগীতানুষ্ঠান এবং সন্ধ্যায় সী মোরগ নাটকের ১২৫তম প্রদর্শনী।
চলচ্চিত্র সংসদে শততম প্রদর্শনী
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ প্রতি মাসে বিশ্বের ধ্রুপদি চলচ্চিত্রগুলো নিয়মিত প্রদর্শনীর আয়োজন করে আসছে। জার্মান সংস্কৃতি কেন্দ্র, রাশিয়ান সংস্কৃতি কেন্দ্রসহ ঢাকার বিভিন্ন দূতাবাস এবং টিএসসিতে এসব প্রদর্শনী হয়ে থাকে। এর নাম দেওয়া হয়েছে ‘ওয়ার্ল্ড ফিল্ম মেনিফেস্টেশন প্রোগ্রাম’ (ডব্লিউএফএমপি)। গত মঙ্গলবার ও গতকাল বুধবার এই প্রদর্শনীর শততম আয়োজন করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চলচ্চিত্র সংসদের উপদেষ্টা আ আ ম স আরেফিন সিদ্দিক কেক কেটে শততম প্রদর্শনী উদ্যাপন করেন। এ সময় চলচ্চিত্র সংসদের সাবেক ও বর্তমান কর্মীরা উপস্থিত ছিলেন। গত দুই দিনে মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। এগুলো হলো নাউ ইউ সি মি, এম, দ্য থিফ, ব্যাড গাই, আর্থ ও কান্দাহার।
টিএসসিতে চলচ্চিত্র উৎসব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রয়াত তিন ছাত্র আল-মামুন, বুলবুল আহমেদ ও তারেক মাসুদ স্মরণে আজ থেকে টিএসসিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। ইতিহাস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই উৎসবের আয়োজন করেছে। গতকাল বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।