কাল পালিত হবে আতাউর রহমানের জন্মদিন
মঞ্চ ও টিভি অভিনেতা, নাট্য নির্দেশক ও সংগঠক আতাউর রহমান কাল ১৮ জুন ৭০ বছরে পদার্পণ করছেন। তাঁর সহকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকে দিনটিকে বিশেষভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছেন। এ উপলক্ষে নাসির উদ্দিন ইউসুফকে আহ্বায়ক করে ‘আতাউর রহমান জন্মদিন উদযাপন কমিটি’ গঠন করা হয়েছে।কাল সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজন করা হয়েছে সংবর্ধনার। অনুষ্ঠানে সংস্কৃতি জগতে আতাউর রহমানের বন্ধুবান্ধব, সংস্কৃতিকর্মী থেকে শুরু করে তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।এ সম্পর্কে কমিটির আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আমাদের সাংস্কৃতিক অঙ্গনে আতাউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশ্ববিদ্যালয় জীবনসহ প্রায় ৫০ বছর ধরে আতাউর রহমান মঞ্চে অভিনয় করছেন। ৭০তম জন্মদিন পালনের মাধ্যমে তাঁকে সম্মান জ্ঞাপন করছি।’তিনি আরও বলেন, আতাউর রহমানের ৭০তম জন্মদিন উপলক্ষে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক একটি অভিজ্ঞানপত্র রচনা করেছেন। সারা জাকের এটি পাঠ করবেন। এ ছাড়া আতাউর রহমানের জন্য থাকবে একটি তৈলচিত্র, তাম্রপত্র এবং আরও নানাবিধ পুরস্কার।অনুষ্ঠানে গান পরিবেশন করবেন মিতা হক ও ফাহিম হোসেন চৌধুরী। থাকবে আবৃত্তিসহ আরও নানা অনুষ্ঠান। উল্লেখ্য, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান নাগরিক নাট্য সম্প্রদায়ের অন্যতম প্রতিষ্ঠাতা। এ পর্যন্ত ৩০টিরও বেশি নাটকের নির্দেশনাসহ তিনি বেশ কিছু মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। তিনি একুশে পদক, মুনীর চৌধুরী পদকসহ বিভিন্ন সংগঠনের সংবর্ধনা ও সম্মাননা পেয়েছেন।