কাল ফরীদির ‘তৃতীয় জন’
প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদি এখনো আমাদের মাঝে আছেন তাঁর অভিনয়ে ও তাঁর সৃষ্টিকর্মে। অভিনয়জীবনের শেষের দিকে এসে বেশ কয়েকটি নাটক পরিচালনা করেছিলেন ফরীদি। এর একটি ‘তৃতীয় জন’। মৃত্যুর আগে ফরীদি নাটকটির পুরো নির্মাণকাজ শেষ করতে পেরেছিলেন। কামরুল আহসানের লেখা ‘তৃতীয় জন’ নাটকটি আগামীকাল প্রচারিত হবে চ্যানেল নাইনে।‘তৃতীয় জন’ নাটকের গল্পে দেখা যাবে রীপা নামের সদ্য বিবাহিত এক মেয়েকে। স্বামী আদনানের সঙ্গে তার ঠিক বনিবনা হচ্ছে না। সইতে হচ্ছে অত্যাচার। এদিকে সাবেক প্রেমিক জুবায়েরের সঙ্গে কথা হয় রীপার। রীপা সিদ্ধান্ত নেয় আদনানকে ছেড়ে জুবায়েরের কাছে চলে যাবে। চলেও যায় একদিন। কিন্তু জুবায়েরকে সে আর কোথাও খুঁজে পায় না। অনেক দিন আগে জুবায়েরকে সে যেমন করে ফাঁকি দিয়েছিল, যাবে বলে আর যায়নি, ঠিক সেভাবেই যেন জুবায়েরও তাকে ফাঁকি দিল। বিপর্যস্ত রীপা ওই রাতে চলে যায় বাবার বাড়িতে। গিয়ে দেখে আদনান বসে আছে। মা-বাবার জেরার মুখে রীপা বলে, জুবায়েরের কাছে গিয়েছিল সে। চমকে ওঠে রীপার মা-বাবা ও ছোট বোন—কোথায় পেলে জুবায়েরকে? সে তো মারা গেছে ছয় মাস হয়!পরিচালনার পাশাপাশি আধিভৌতিক ঘরানার এ নাটকে হুমায়ুন ফরীদি নিজেও অভিনয় করেছেন। এ ছাড়া আছেন জিতু আহসান, তানিয়া হোসাইনসহ অনেকে।কাল বেলা তিনটা ২৫ মিনিটে চ্যানেল নাইনে প্রচারিত হবে হুমায়ুন ফরীদির ‘তৃতীয় জন’ নাটকটি।