কাল বকুলতলায় শরৎ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশে শুভ্র মেঘের ভেলা ভাসিয়ে এসেছে শরৎ। প্রতিবছরের মতো এবারও নানা আয়োজনে শরৎ উৎসবের উদ্যোগ নিয়েছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। কাল শুক্রবার সকল সাতটা ১৫ মিনিটে যন্ত্রসংগীতের মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়।
দুই পর্বের এই উৎসবের প্রভাতি অধিবেশনে থাকবে শরৎ কথন, শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিশিষ্ট শিল্পীদের একক সংগীত, দলীয় সংগীত, নৃত্য, আবৃত্তি ও শিশু-কিশোরদের বিশেষ পরিবেশনা।
সংগঠনগুলোর মধ্যে থাকবে বহ্নিশিখা, স্ব-ভূমি লেখক শিল্পী কেন্দ্র, ধ্রুবতান, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, নটরাজ, স্পন্দন ও নৃত্যম। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। এতে থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
গোথেনবার্গ বইমেলায় ভয়েস ফ্রম বাংলাদেশ
সুইডেনের গোথেনবার্গ শহরে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘গোথেনবার্গ বইমেলা-২০১৩’। মেলার আয়োজকদের আমন্ত্রণে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন কবি নির্মলেন্দু গুণ, মুহাম্মদ সামাদ, রুবি রহমান ও মৃত্তিকা গুণ। এ ছাড়া সুইডেন থেকে অংশ নেবেন সে দেশে প্রবাসী কবি আনিসুর রহমান। মেলা চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
গোথেনবার্গ বইমেলা শুরু হয়েছে ১৯৮৫ সালে। প্রতিবছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ১০ লক্ষাধিক সাহিত্যপ্রেমী, কবি-সাহিত্যিক, লেখক-পাঠক-প্রকাশক, দর্শক- ক্রেতার সমাগম ঘটে এই মেলায়। এর মধ্য দিয়ে এই বইমেলা পরিণত হয় বিভিন্ন দেশের শিল্প-সাহিত্য আর সংস্কৃতির এক মিলনমেলায়।
মেলায় অংশ নিতে গতকাল বুধবার রাতেই বাংলাদেশের চার কবি সুইডেন রওনা হয়েছেন। মুহাম্মদ সামাদ প্রথম আলোকে জানান, এবারের মেলায় ৭৫টি সেমিনার, সংলাপ ও কবিতা পাঠের আসরে সারা পৃথিবী থেকে ৭২৪ জন কবি-লেখক অংশ নেবেন। এই প্রথমবারের মতো মেলায় বাংলা কবিতা ও সাহিত্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে ‘ভয়েস ফ্রম বাংলাদেশ’ নামের একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মেলায় সুইডেনের বিশিষ্ট কবি ক্রিশ্চিয়ান কার্লস অনূদিত বাংলা ভাষার কবিদের একটি কাব্যগ্রন্থও প্রকাশিত হবে।
মেলায় আমন্ত্রিত কবিরা কবিতা পাঠ করবেন। এ ছাড়া দ্বিতীয় দিন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির ১০০ বছর পূর্তি উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও সাহিত্যসহ তাঁর সৃষ্টিশীল বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার ও সংলাপে বক্তব্য উপস্থাপন করবেন নির্মলেন্দু গুণ ও রুবি রহমান। তৃতীয় দিন ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রবীন্দ্র-পরবর্তী বাংলাদেশের কবিতা ও সাহিত্য বিষয়ে সেমিনার। এ ছাড়া মুহাম্মদ সামাদ উপসালা কাউন্টি কাউন্সিলের পরিচালক আনা সোঁদারব্যকের আয়োজনে উপসালা বিশ্ববিদ্যালয়ে এশিয়ার সংস্কৃতি ও জীবন নিয়ে একটি সংলাপে মূল বক্তব্য উপস্থাপন করবেন।
মহাকালের নাট্য উৎসবে তিন নাটক
বিশ্বনাটকের যুথ উৎসবে গতকাল বুধবার তিনটি নাটক মঞ্চস্থ হয়েছে। মহাকাল নাট্য সম্প্রদায় তাদের ৩০ বছর পূর্তি উপলক্ষে ১৮ সেপ্টেম্বর থেকে এই উৎসবের আয়োজন করেছে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থিয়েটার মঞ্চস্থ করে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক মুক্তধারা, পরীক্ষণ থিয়েটারে মহাকাল নাট্য সম্প্রদায় করে নিশিমন-বিসর্জন এবং ছায়ানট মিলনায়তনে কলকাতার ষড়ভুজ মঞ্চস্থ করে ডাকঘর।