কাল বর্ষা উৎসব
কাল মঙ্গলবার পয়লা আষাঢ়। নাচ, গান আর আবৃত্তির মধ্য দিয়ে বর্ষাকে আবাহন করার উদ্যোগ নিয়েছে বিভিন্ন সংগঠন। সত্যেন সেন শিল্পী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারসংলগ্ন হাকিম চত্বরে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে। সকাল সাতটা ১৫ মিনিটে শিল্পী সালাউদ্দিন আহমেদের মেঘমল্লার রাগে খেয়াল পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। জানা গেছে, দিনব্যাপী এ উৎসবে গান গাইবেন মিতা হক, ফেরদৌস আরা, লীনা তাপসী খান, অদিতি মহসিন, সাজেদ আকবর, সালমা আকবর, মহাদেব ঘোষ, ফাহিম হোসেন চৌধুরী, বিমানচন্দ্র বিশ্বাস, শফিউল আলম প্রমুখ। দলীয় গান করবে সুর সপ্তক, তালিম, নিবেদন, অগ্নিবীণা, দোলনচাঁপা, গীতসত্র, ধ্রুবতান, সত্যেন সেন শিল্পী সংস্থা। আবৃত্তি ও পাঠ করবেন কাজী আসাদ, লায়লা আফরোজ, কাকলী, রফিকুল ইসলাম প্রমুখ। সত্যেন সেন শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম চৌধুরী জানান, ধরিত্রীকে সবুজ করার জন্য উৎসবে অংশ নেওয়া শিল্পী ও দর্শকদের মাঝে চারাগাছ বিতরণ করা হবে, আর তা বিতরণ করবে কেন্দ্রীয় খেলাঘর আসর।সকালে হাকিম চত্বর থেকে উৎসবটি সরাসরি দেখানোর ব্যবস্থা নিয়েছে চ্যানেল আই, আর বিকেলে আরটিভি।