কাল বসবে তারার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফিন শুভ ও মম: ছুঁয়ে দিলে মনের এই জুটি কি একসঙ্গেই উঠবেন মঞ্চে? নািক তাঁদের সঙ্গে থাকবেন আরও কেউ? পুরো ব্যাপারটি চমক হয়েই থাক
আরিফিন শুভ ও মম: ছুঁয়ে দিলে মনের এই জুটি কি একসঙ্গেই উঠবেন মঞ্চে? নািক তাঁদের সঙ্গে থাকবেন আরও কেউ? পুরো ব্যাপারটি চমক হয়েই থাক

আগামীকাল বসবে তারার মেলা। প্রস্তুত ঝা চকচকে মঞ্চ। ঝলমলে তারকাদের উপস্থিতিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র কালকে হয়ে উঠবে আরও আলোকোজ্জ্বল। মেরিল-প্রথম আলো পুরস্কার বলে কথা। আগামীকাল কী ঘটবে? এবারের অনুষ্ঠানে রয়েছে চমকের ওপর চমক। থাকছে চোখ ধাঁধানো সব আয়োজন...

হঠাৎই উধাও নিপুণ! একাধিকবার ফোন করেও জানা যাচ্ছে না তাঁর অবস্থান। আনন্দ বাহিনী অস্থির। এর মধ্যে আচমকা ফেসবুকের কল্যাণে খবর এল, নিপুণ আছেন হাজার কিলোমিটার দূরে—থাইল্যান্ডে। মাথায় হাত! এখন কী হবে! ওখান থেকেই ফেসবুকের চ্যাটিংয়ের মাধ্যমে তিনি জানালেন, চিকিৎসার জন্য হঠাৎই চলে আসা। তবে ঠিক সময়েই হাজির হবেন মহড়ায়। হাসতে হাসতে লিখলেন চ্যাটিংয়ে, ‘চিন্তার কোনো কারণ নেই। আমরা তো অভ্যস্ত। মহড়াকক্ষে দাঁড়ালেই দেখবেন কাজ উঠে গেছে।’
এদিন কিছুটা উত্তেজনা নিয়েই মহড়াকক্ষে হাজির হলেন ইমন। এসেই বললেন, ‘আমি তো মেরিল-প্রথম আলো অনুষ্ঠানের আজীবন সদস্য হয়ে গেছি। আমাকে একটি আজীবন সদস্য পুরস্কার দেওয়া হোক। হা হা হা...।’ সেই হাসি ছড়িয়ে গেল মহড়াকক্ষের চারপাশে।

মিলন ও ইমন: অনুষ্ঠানে কী দেখাবেন তাঁরা? আর কে কে থাকছেন তাঁদের সঙ্গে?
মিলন ও ইমন: অনুষ্ঠানে কী দেখাবেন তাঁরা? আর কে কে থাকছেন তাঁদের সঙ্গে?

২.
মহড়াকক্ষের এক কোণে বসে আছেন চাঁদনী। চুপচাপ। কক্ষের মাঝখানে নাচের মুদ্রা তুলছেন কয়েকজন। এর মধ্যে দিনার ও শামীম জামানের মধ্যে শুরু হয়েছে উত্তপ্ত বাক্যবিনিময়। সামনে দাঁড়ানো মঞ্চের মানুষ বাকার বকুল। মুখে বাম হাত চেপে গভীর পর্যবেক্ষণ তাঁর। চাঁদনী নড়েচড়ে উঠলেন খানিকটা। একসময় উঠে এসে দাঁড়ালেন তিনিও। একদিকে নৃত্য, অন্যদিকে উত্তপ্ত বাক্যবিনিময়। দৃশ্যটি যেন উপভোগ করছেন সবাই। না, না আর বেশি কিছু বলা যাবে না। ৮ তারিখে মূল মঞ্চে ওঠার আগ পর্যন্ত বিষয়টি ধোঁয়াশা হয়েই থাক।
৩.
আরিফিন শুভ। টি-শার্ট, প্যান্ট, মাথায় টুপি। প্রথম আলো কার্যালয়ের ফিচার বিভাগে ঘোরাঘুরি করতে দেখা গেল তাঁকে। চলচ্চিত্রের অভিনয় ছেড়ে সাংবাদিকতায় নামলেন! নাকি মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের মহাযজ্ঞে যোগ দিচ্ছেন? ভাবতে ভাবতে আমরা এগোলাম তাঁর কাছে। বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে মুখে কুলুপ আঁটলেন তিনি। শুধু জানালেন, অনুষ্ঠানে কিছু একটা করতে হবে। আরিফিন শুভ বিদ্যা সিনহা মিমের সঙ্গে জুটি বেঁধে ভিন্ন ভিন্ন রোমান্টিক গানের সঙ্গে নেচে মেরিল-প্রথম আলোর অনুষ্ঠানে প্রতিবারই ভিন্নতার রং ছড়িয়েছেন। এবারও কি সেই একই জুটি? নাকি দর্শকের জন্য এবার অপেক্ষা করছে অন্য কিছু? বলা তো যায় না। কেননা কিছুদিন আগে মম-এর বিপরীতে ছুঁয়ে দিলে মন ছবিতে অভিনয় করে দর্শকের মন ছুঁয়েছেন তিনি, মন ছুঁয়েছে এই জুটিও। এবার কি সেই জুটির কোনো পরিবেশনা থাকবে এই অনুষ্ঠানে?
প্রশ্নের উত্তরটি পাঠককে এ মুহূর্তে না-ই বা জানালাম। কিন্তু এবার কোন আকর্ষণ নিয়ে তাঁরা মঞ্চে হাজির হচ্ছেন? নাচ, নাকি অভিনয়? চমকটা চমকই থাক।

সাইমন ও পিয়া: প্রস্তুতি নিচ্ছেন তাঁরাও
সাইমন ও পিয়া: প্রস্তুতি নিচ্ছেন তাঁরাও

৪.
বাবা অসুস্থ। বাবাকে দেখে কিশোরগঞ্জ থেকে নিজেই গাড়ি চালিয়ে এসে মহড়ায় যোগ দিয়েছেন সাইমন।
মহড়াকক্ষে ঢুকতেই নাচের ছেলেমেয়েরা ঘিরে ধরলেন তাঁকে। কেউ সেলফি, কেউ কেউ দলবেঁধে ছবি তুলতে ব্যস্ত তাঁর সঙ্গে।
এবারই প্রথমবারের মতো মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে মঞ্চে উঠবেন তিনি। তাই তাঁর উত্তেজনা একটু বেশিই। জানালেন, ‘আমি এর আগে এভাবে কোনো অনুষ্ঠানেই মঞ্চে উঠিনি। তাই অনুষ্ঠানটি নিয়ে বেশ রোমাঞ্চিত আমি।’ এরই মধ্যে নৃত্য পরিচালক সোহাগের মহড়ার তাগিদে আরও যেন উত্তেজনা বেড়ে গেল সাইমনের। বললেন, ‘চলেন চলেন, দেরি করা যাবে না এক ফোঁটাও। আগে কাজ।’
৫.
একই অবস্থা মাহির মধ্যেও। লেখাটি যখন লেখা হচ্ছে, তখন কলকাতার বোলপুরে অগ্নি-২ ছবির শুটিং লোকেশন থেকে মুঠোফোনে আনন্দ বাহিনীর সঙ্গে কথা চালাচালি চলছে এই তারকার। মাহির কথা, ‘শুটিং শেষ হওয়ামাত্রই বিমানে উঠব। বিমান থেকে নেমেই সোজা হাজির হয়ে যাব মহড়াকক্ষে।’
৬.

হ্যাঁ পাঠক, সত্যিই উত্তেজনা শুরু হয়ে গেছে তারকাদের প্রতিদিনের মহড়ায়। সঙ্গে আনন্দ বাহিনীর হুড়োহুড়ি-ছোটাছুটি যোগ হয়ে সেই উত্তেজনার মাত্রা বেড়েছে আরও। প্রথম আলো কার্যালয় থেকে শুরু করে পান্থপথ, এফডিসি, তেজগাঁও কোক ফ্যাক্টরি, শিল্পকলার মহড়াকক্ষ ও ধানমন্ডিতে লেগেছে এই মহড়ার ঢেউ। উত্তেজনার ডালপালাও ছড়িয়ে গেছে সারা দেশের প্রথম আলোর অগণিত শুভাকাঙ্ক্ষী আর পাঠকদের মধ্যে। তারকাবহুল মেরিল-প্রথম আলো পুরস্কারযজ্ঞ। আর সেই যজ্ঞে, পুরস্কারের অনুষ্ঠানে এ বছর কোন তারকা কে কী করছেন—এমন প্রশ্ন এখন হাজারো পাঠকের মধ্যে। কিন্তু না...উত্তর এখনই নয়। ৮ মে সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’ ঝলমলে হয়ে ওঠার আগ পর্যন্ত সবাইকে কাল-ক্ষণ গুনেই কাটাতে হচ্ছে।