কাল মগজ সমাচার
গত বছরের শেষের দিকে নতুন নাটক হিসেবে ছায়াচক্র নাটকটি মঞ্চে আনে থিয়েটার আর্ট ইউনিট। আরও একটি নতুন নাটক মঞ্চে আনছে দলটি। নাটকটির নাম মগজ সমাচার। রবীন্দ্রনাথের ‘জুতা আবিষ্কার’ কবিতা অবলম্বনে নাটকটি লিখেছেন হাসান শাহরিয়ার। নির্দেশনায় আছেন সাইফ সুমন। আগামীকাল শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। দলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বারী বলেন, ‘কাজটি বেশ ভালো হয়েছে। অনেক দিন ধরেই আমরা নাটকটির মহড়া করছি। আশা করছি দর্শকের কাছে নাটকটি ভালো লাগবে।’ তিনি নাটকটির গল্প নিয়ে জানান, এই নাটকের গল্প গড়ে উঠেছে রাজার অন্তঃসারশূন্য এক রাজপরিষদ নিয়ে। নাটকে দেখা যায়, রাজার আশপাশের মন্ত্রীদের নির্বুদ্ধিতার কারণে একটা সাধারণ সমস্যার সমাধান হয় না। তারা সারাক্ষণ রাজাকে চাটুকারিতা করেই সময় পার করে। কিন্তু একজন সাধারণ চর্মকার সেই সমস্যা সমাধান করে দেয়। বর্তমান কালেও এমন রাজপরিষদ নিয়েই এখনো রাজ্য পরিচালিত হচ্ছে। এ যুগেও দেখা যায় রাজার পাশের রাজপরিষদের সদস্যরা রাজ্যের সমস্যা সমাধানের চেয়ে বিড়ম্বনাই শুধু বাড়িয়ে দেয়।এ নাটকে অভিনয় করেছেন মোহামারী, প্রশান্ত হালদার, তারেকুল ইসলাম, তোড়া সাহা, সাথী রঞ্জন দে, সাজেদ মল্লিক, সুজন লেমন, কামারুজ্জামান মিল্লাত, তানিয়া চৌধুরী, এজাজ প্রমুখ। মগজ সমাচার নাটকটি থিয়েটার আর্ট ইউনিটের ১৫তম প্রযোজনা।