কাল মাছরাঙায় মেরিল প্রথম আলো পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেরিল-প্রথম আলো তারকা পুরস্কার ২০১২’ অনুষ্ঠানটি যারা সরাসরি দেখার সুযোগ পাননি, তাঁদের জন্য সুখবর। ২১ জুন শুক্রবার অনুষ্ঠানটির ধারণকৃত অংশ প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।

সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনের দর্শকরা উপভোগ করতে পারবেন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২’ ।

এবারে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২’ আয়োজনের অন্যতম লক্ষ্য ছিল সাভারে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তায় তহবিল গঠন। সে তহবিলে এ পর্যন্ত জমা পড়েছে এক কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ২০৮ টাকা।

‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২’ অনুষ্ঠানে এবার আজীবন সম্মাননা পদক দেয়া হয়েছে শিল্পী রাম কানাই দাশকে। তারকা জরিপ পুরস্কারের ছয়টি বিভাগ এবং টিভি-চলচ্চিত্রের টি সমালোচক পুরস্কারের ফাঁকে ফাঁকে শিল্পীরা তাদের পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন। প্রেমা ও তার দল পরিবেশন করেন নাচ। ছবির গানের সঙ্গে মঞ্চ মাতান শাকিব খান ও জয়া আহসান।

উল্লেখ্য, জয়া আহসান এবারই প্রথম মঞ্চে নাচ করেছেন। চলচ্চিত্রের তিন দশকের জনপ্রিয় গানের সঙ্গে নাচ পরিবেশন করেন মাহি-বাপ্পী, শখ-নিশো এবং মীম-আরেফিন শুভ। দেশের অস্থির সময়কে উপজীব্য করে তুষার খান, শামীম জামান, সাজু খাদেম, মাজনুন মিজান, রাশেদ মামুন অপু, রুনা খান এবং শামীম পরিবেশন করেন  ‘গ্যাঞ্জাম’ স্টাইল। চলচ্চিত্রের আলোচিত জুটি অনন্ত-বর্ষা মঞ্চে আসেন ভিন্ন কায়দায়।

গত ২৬ এপ্রিল রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়  মেরিল-প্রথম আলো তারকা পুরস্কার প্রদান অনুষ্ঠানের জমকালো আসর।

চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন কবির বকুল।