কাল শিল্পকলায় 'অজ্ঞাতনামা'

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে দেখানো হবে ‘অজ্ঞাতনামা’ ছবিটি। ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উত্সব’-এর নভেম্বর মাসের প্রদর্শনীর অংশ হিসেবে ছবিটি দেখানো হবে।
তৌকীর আহমেদ পরিচালিত ছবিটিতে মধ্যপ্রাচ্যে শ্রমিক হিসেবে বাস করা এ দেশের মানুষের জীবন ও স্বপ্ন নিয়ে তৈরি হয়েছে। জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি দেওয়া শ্রমিক ও তাঁদের পরিবারের করুণ কাহিনি বলা হয়েছে ‘অজ্ঞাতনামা’য়। ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, নিপুণ, আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, শাহেদ শরীফ খান, শাহেদ আলী প্রমুখ।
বিকেল চারটায় দেখানো হবে আরও তিনটি স্বল্পদৈর্ঘ্য ও একটি প্রামাণ্য চলচ্চিত্র। দেখানো হবে রেহমান রাহাতের ‘এ ননসেন্স ড্রিম’, ভিকি জাহেদের ‘মায়া’, আবরার হোসাইনের ‘ব্লকড’ এবং প্রদীপ ঘোষের প্রামাণ্য চলচ্চিত্র ‘ক্ষতচিহ্ন’।
এ ছাড়া বিকেল সাড়ে পাঁচটায় হবে ‘সিনেমা ফাইভ আলাপ’। আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে ‘স্বাধীনধারার চলচ্চিত্রে নির্মাতা ও অভিনয়শিল্পী সম্পর্ক’। এবারের অতিথি বক্তা চলচ্চিত্র নির্মাতা ও অভিনয়শিল্পী তৌকীর আহমেদ। সন্ধ্যা সাতটায় দেখানো হবে তাঁর নির্মিত ছবি ‘অজ্ঞাতনামা’।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন বলেন, ‘এবারের আলাপে একজন স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাতার সংকট ও অভিনয়শিল্পীদের সঙ্গে নির্মাতার সম্পর্কের নানাবিধ দিক উঠে আসবে। তৌকীর আহমেদ একাধারে নির্মাতা ও অভিনয়শিল্পী। তিনি কাজ করেছেন দেশের গুণী চলচ্চিত্রকারদের সঙ্গে। ফলে আমরা আশা করছি, অত্যন্ত কার্যকর একটি আলাপ অনুষ্ঠিত হবে।’
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উত্সব’ আয়োজন করেছে। এটি বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপী প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উত্সব।