কাল শিল্পকলায় 'ঘাসফুল'

বছরব্যাপী চলচ্চিত্র উৎসবের শেষ মাসের প্রদর্শনী হবে কাল শুক্রবার। উৎসবে গত বছরের শ্রেষ্ঠ নির্মাতাদের ছবি প্রদর্শন করা হবে। ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’ নামে উৎসবটি আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বেলা তিনটায় শুরু হবে প্রদর্শনী। শেষ হবে সন্ধ্যা সাতটায়। বেলা তিনটায় দেখানো হবে আমিনুর রহমান মুকুল নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র ‘অবরোধ’ এবং শ্রেষ্ঠ নির্বাচিত নির্মাতা পলাশ রসূল নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘হেফাজতনামা’। বিকেল সাড়ে চারটায় দেখানো হবে জুলাই মাসের নির্বাচিত পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। মোহাম্মদ আরাফাত মল্লিকের ‘টিপ’ (উদ্বোধনী প্রদর্শনী), ফরিদ বাশার শাফিনের ‘আমাদের বসন্ত’ (উদ্বোধনী প্রদর্শনী), ভিকি জাহেদের ‘রূপ’ (উদ্বোধনী প্রদর্শনী), মো. আবিদ মল্লিকের ‘পথ’ এবং শৈবাল সারোয়ারের ‘ইন দ্য শ্যাডোস’ (উদ্বোধনী প্রদর্শনী)। সন্ধ্যা সাতটায় দেখানো হবে উৎসবের গত বছরের শ্রেষ্ঠ নির্বাচিত নির্মাতা আকরাম খানের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঘাসফুল’।
বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে সিনেমা ফাইভ আলাপের দশম আসর। ‘বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলন, চলচ্চিত্রচর্চা এবং আমাদের স্বপ্ন ও বাস্তবতা’ বিষয়ে কথা বলবেন চলচ্চিত্র নির্মাতা, লেখক ও সংগঠক বেলায়াত হোসেন।