
পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন। সেই সঙ্গে হবে সংগঠনের ৩৩তম বার্ষিক সাধারণ সভা।
সম্মেলনে সারা দেশ থেকে অংশ নেবেন বিশিষ্ট শিল্পী, কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, লেখকসহ নানা পেশার প্রায় ৭০০ প্রতিনিধি। স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের শতাধিক শিল্পী সংগীত পরিবেশন করবেন।
গতকাল মঙ্গলবার রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী স্কয়ারের সহযোগিতায় আয়োজিত এই সম্মেলন সফল করতে ২৭৫ সদস্যের জাতীয় সম্মেলন উদ্যাপন পরিষদ ও ২২টি উপপরিষদ গঠন করা হয়েছে। পরিষদের আহ্বায়ক হয়েছেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় সরকারি এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রণেশ মৈত্র। এবারের সম্মেলনের প্রধান অতিথি বিশিষ্ট চারুশিল্পী মুস্তাফা মনোয়ার। রবীন্দ্রপদক দিয়ে গুণীজন সম্মাননা জানানো হবে রাজশাহীর সংগীত ব্যক্তিত্ব অমরেশ রায় চৌধুরীকে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন ও অনুষ্ঠানসূচি ঘোষণা করেন পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী লাইসা আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলন পরিষদের সভাপতি সন্জীদা খাতুন, উৎসবের আহ্বায়ক স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী, মিতা হক প্রমুখ।
লিখিত বক্তব্যে জানানো হয়, উদ্বোধন পর্বের পর সকাল সাড়ে ১০টা থেকে থাকবে সংগীতানুষ্ঠান। তিন দিনেরই সান্ধ্য অধিবেশন সাজানো হয়েছে রবীন্দ্রনাথ থেকে আবৃত্তি, পাঠ, নাচ, গান ও বিশিষ্টজনদের বক্তব্য দিয়ে।
সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার বিকেল চারটায় আছে সেমিনার। এর বিষয়: কৃষি ও গ্রাম উন্নয়ন এবং রবীন্দ্রনাথ। মূল প্রবন্ধ রচনা করেছেন অধ্যাপক আ ব ম নুরুল আনোয়ার। সেমিনারে সভাপতিত্ব করবেন সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সভাপতি সন্জীদা খাতুন। আলোচনায় অংশ নেবেন অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান ও অধ্যাপক মুহাম্মদ নুরুন্নবী। ‘রবিরশ্মি’তে কথা বলবেন আসাদুজ্জামান নূর, রামেন্দু মজুমদার ও গোলাম মুরশিদ। এ ছাড়া আছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্মের প্রদর্শনী। থাকবে পরিষদের শাখাগুলোর এযাবৎকালের কাজকর্মের উপস্থাপনা। শিশুদের ছবি আঁকার কর্মশালা পরিচালনা করবেন মুস্তাফা মনোয়ার। পরিষদের বার্ষিক অধিবেশন উপলক্ষে যথারীতি প্রকাশিত হচ্ছে রবীন্দ্রনাথের সৃষ্টির নানা দিক নিয়ে বিশিষ্টজনদের লেখা প্রবন্ধের সংকলন সংগীত সংস্কৃতি।