কাল শুরু হচ্ছে ক্লোজআপ ওয়ান-২০১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশন সম্প্রচারে আসছে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’। এটি এ প্রতিযোগিতার চতুর্থ আসর। গান নিয়ে নির্মিত রিয়েলিটি শো’টি কাল শুক্রবার থেকে এনটিভির পর্দায় দেখা যাবে।বিগত বছরগুলোর ধারাবাহিকতায় আরও বড় পরিসরে, জমকালো আয়োজন নিয়ে এনটিভির পর্দায় আসছে সংগীতভিত্তিক আলোচিত এই রিয়ালিটি শোটি। ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার সম্প্রচার উপলক্ষে এনটিভি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানের এক রেস্তরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির পরিচালক আলফ্রেড খোকন, ইউনিলিভারের মিডিয়া ম্যানেজার তানভীর ফারুক, উপস্থাপক পুতুল ও সায়েমসহ আরও অনেকে। ‘ক্লোজআপ ওয়ান-২০১২’ এর পরিচালক আলফ্রেড খোকন বলেন, এবারের ক্লোজআপ ওয়ানের টিভি সম্প্রচার শুরু হচ্ছে ঢাকা বিভাগের বাছাই পর্বের প্রতিযোগীদের অংশগ্রহণের মধ্য দিয়ে। যেমনটা আগে কখনও হয়নি। এছাড়াও এবারে অতীতের তিনটি আয়োজন থেকে বেশকিছু কনসেপ্ট এবং উপস্থাপনা আলাদা করার চেষ্টা করেছি। সব মিলিয়ে আমরা মানসম্মত একটি রিয়েলিটি শো উপহার দেয়ার চেষ্টা করছি। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, কাল শুক্রবার থেকে সপ্তাহের প্রতি শুক্র ও রোববার রাত সোয়া নয়টায় এনটিভিতে নিয়মিত প্রচারিত হবে ‘ক্লোজআপ ওয়ান-২০১২’।উল্লেখ্য, গতবারের ধারাবাহিকতায় এবারেও ক্লোজআপ ওয়ানের বিচারকের দায়িত্ব সামলাবেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী এবং পার্থ বড়ুয়া। ক্লোজআপ ওয়ানের মূল পৃষ্ঠপোষক ও আয়োজক ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। ক্রিয়েটিভ এজেন্সি হিসেবে অ্যাডকম লিমিটেড এবং ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম হিসেবে আছে মার্কেট অ্যাকসেস।