কাল শুরু হচ্ছে দুটি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের আগেই জমে উঠছে রাজধানীর নাট্যাঙ্গন। সাধারণত শীতকালে রাজধানীর নাট্যাঙ্গনে বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়, দর্শকের আলাদা আগ্রহ থাকে। দিনপঞ্জির পাতা কিংবা প্রকৃতি—কোনো পক্ষই শীতের উপস্থিতি জানান দেয়নি। কিন্তু তার আগেই রাজধানীর নাট্যাঙ্গন জমে ওঠার আভাস পাওয়া যাচ্ছে। এই তো কিছুদিন আগে শেষ হলো গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে আরও দুটি উৎসব।
শব্দ নাট্যচর্চা কেন্দ্র বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত একটি সক্রিয় নাট্য দল। ‘নির্মাণ ও ঐতিহ্যের ১৯ বছর’—এই স্লোগান সামনে রেখে আগামীকাল থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত শব্দ নাট্যচর্চা কেন্দ্র ‘শব্দ নাট্যোৎসব ২০১৪’-এর আয়োজন করেছে।
জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
উদ্বোধনী সন্ধ্যায় পরিবেশিত হবে সমীর দাস গুপ্তর রচনায় এবং অনন্ত হিরার নির্দেশনায় তৃতীয় একজন।
এ ছাড়া উৎসবে ঠিকানা, রাইফেল, দর্পণ সাক্ষী ও ইনফরমার নাটক মঞ্চস্থ হবে।
‘শেকড় খুঁজি মাটির টানে প্রাণের মেলায়’—এই স্লোগান নিয়ে আগামীকাল শুরু হচ্ছে ‘ময়মনসিংহ গীতিকা নাট্যোৎসব’। লোকনাট্য দলের আলোচিত নাটক সোনাই মাধব-এর ১৫০তম মঞ্চায়ন উপলক্ষে আয়োজিত এ উৎসব চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় উৎসব উদ্বোধন করবেন নাট্যজন বিভাস চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজুমদার।
উৎসবে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে লোক নাট্যদল (বনানী)-এর ১৫তম প্রযোজনা পদাবলী যাত্রা সোনাই মাধব-এর ১৫০তম মঞ্চায়ন হবে।
উদ্বোধনী দিন জাহাঙ্গীরনগর থিয়েটার দস্যু কেনারামের পালা, ২৬ সেপ্টেম্বর লোক নাট্যদল সোনাই মাধব, ২৭ সেপ্টেম্বর কিশোরগঞ্জের শিকড় নাট্য সম্প্রদায় চন্দ্রাবতী, ২৮ সেপ্টেম্বর নাট্যধারা আয়না বিবির পালা, ২৯ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ মহুয়া এবং ৩০ সেপ্টেম্বর নাট্যতীর্থ কমলা সুন্দরী মঞ্চায়ন করবে।
প্রতিদিন সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকগুলো মঞ্চায়িত হবে।
এ ছাড়া প্রতিদিন বিকেল পাঁচটা থেকে উৎসব প্রাঙ্গণের মুক্তমঞ্চে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের লোকসংগীতশিল্পীদের পরিবেশনা থাকছে।