কাল শুরু হচ্ছে ‘পাওয়ার ভয়েস ২০১২’
আগামীকাল ১৬ নভেম্বর চ্যানেল নাইনে শুরু হচ্ছে ‘পাওয়ার ভয়েস ২০১২’। সপ্তাহের প্রতি শুক্র, রবি ও বুধবার চ্যানেল নাইনে রাত নয়টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। ‘লুকিয়ে নয়, এবার গাও চুটিয়ে’—এই আহ্বানে শুরু হয়েছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস ২০১২’। এই অনুষ্ঠানের সম্প্রচার উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। এতে অনুষ্ঠানের তিন বিচারক সুবীর নন্দী, মৌসুমী ও ইমন সাহা উপস্থিত ছিলেন।প্রিমিয়ার শোতে বিচারকেরা বাছাইপর্বের বিভিন্ন অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেন। সুবীর নন্দী বলেন, ‘আমরা এ প্রতিযোগিতার মাধ্যমে মানসম্পন্ন শিল্পী উপহার দিতে চাই।’পুরো অনুষ্ঠানে প্রতিযোগীদের ফ্যাশন-সচেতনতার ওপর গুরুত্ব দিচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি বলেন, ‘এবারই প্রথম কোনো রিয়েলিটি শোর বিচারক হয়েছি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে অন্য রকম অভিজ্ঞতা হয়েছে। এখানে আমি প্রতিযোগীদের পরিবেশনার পাশাপাশি তাঁদের ফ্যাশন-সচেতনতার বিষয়টি দেখছি।’ ইমন সাহা বলেন, ‘আমি এর আগেও কয়েকটি রিয়েলিটি শোর সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু পাওয়ার ভয়েস আমার কাছে অন্য রকম মনে হয়েছে। নিঃসন্দেহে এটি বাংলাদেশের অন্য রিয়েলিটি শোগুলো থেকে ব্যতিক্রম হবে। আমরা এ অনুষ্ঠানের মাধ্যমে পরিপূর্ণ একজন শিল্পী উপহার দেওয়ার চেষ্টা করব।’ স্টার সিনেপ্লেক্সে পাওয়ার ভয়েসের প্রিমিয়ার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এই রিয়েলিটি শোর সূচনাসংগীতের গীতিকার ও সুরকার যথাক্রমে কবির বকুল ও ইবরার টিপু। আরও ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্রুপের পক্ষে প্রধান বিপণন কর্মকর্তা (জুস অ্যান্ড বেভারেজ) ফারহান রশীদ, জ্যেষ্ঠ ব্যবস্থাপক (মিডিয়া) সুজন মাহমুদ, ব্র্যান্ড ব্যবস্থাপক (জুস অ্যান্ড বেভারেজ) রোমায়েল হাসান; চ্যানেল নাইনের পক্ষে চেয়ারম্যান মাহবুবা আকতার, ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান, হেড অব ইভেন্টস; পাওয়ার ভয়েসের পরিচালক তানভীর খান প্রমুখ।সারা বাংলাদেশ থেকে ৩৫ হাজার প্রতিযোগী ‘পাওয়ার ভয়েস ২০১২’-এর জন্য নাম নিবন্ধন করেন। ১৬৭ জন প্রতিযোগীকে অডিশনের মাধ্যমে বাছাই করা হয়। এরপর মূল পর্বের জন্য ১৬৭ জনের মধ্য থেকে নেওয়া হবে ৩২ জন প্রতিযোগীকে। আর এই ৩২ জন প্রতিযোগীর মধ্য থেকে বেছে নেওয়া হবে ‘পাওয়ার ভয়েস ২০১২’-এর চূড়ান্ত বিজয়ীদের।‘পাওয়ার ভয়েস ২০১২’-এর সলিউশন প্রোভাইডার হিসেবে থাকছে গ্রামীণফোন। অন্যান্যের মধ্যে আছে রেডিও টুডে, ভাসাবি, ডায়মন্ড ওয়ার্ল্ড, ওটু, পারসোনা, স্টুডিও আরাশ ও এসএসএল ওয়ারলেস।