কাল শুরু 'পাললিক অনুভব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী কালিদাস কর্মকার
শিল্পী কালিদাস কর্মকার

রাজধানীর বাড্ডার প্রগতি সরণিতে গ্যালারি অ্যাথেনায় এখন প্রস্তুতি চলছে শিল্পী কালিদাস কর্মকারের একক প্রদর্শনীর আয়োজনের। প্রদর্শনীর শিরোনাম ‘পাললিক অনুভব’। এটি শিল্পীর ৭১ তম প্রদর্শনী। আগামীকাল শুক্রবার, সন্ধ্যায় অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসে ১৯ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে এই প্রদর্শনীতে আরও উপস্থিত থাকবেন দৈনিক ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও অনন্যা পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন, বরেণ্য শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার এবং সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। সভাপতিত্ব করবেন অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসের চেয়ারপারসন নিলু রওশন মোরশেদ।
প্রদর্শনীর প্রস্তুতি নিয়ে কথা হলো শিল্পী কালিদাস কর্মকারের সঙ্গে। তিনি জানালেন, প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যমে করা চিত্রকর্মের সংখ্যা ৭১টি। প্রদর্শনীতে অ্যাক্রিলিক, মিশ্র মাধ্যম, ছাপচিত্র, ডিজিটাল লিথোগ্রাফ, ড্রইং ও অন্যান্য মাধ্যমে করা কাজগুলোর পাশাপাশি বর্তমান সময়ের নিরিখে স্থাপনা শিল্পও স্থান পাবে।
কালিদাস কর্মকার বলেন, এই ভূখণ্ডের যাপনপ্রণালী, নানা ধর্মের সমন্বয়, লোকশিল্পের নানা প্রতীক উপাদান থাকছে এসব চিত্রকলায়। অনুষঙ্গে হিসাবে ব্যবহার করা হয়েছে তাবিজ, কবচ আর কড়িসহ নানা বিষয়।

শিল্পী কালিদাস কর্মকারের ‘অ্যালুভিয়াল সিম্বল’, ক্যানভাসে অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যম।
শিল্পী কালিদাস কর্মকারের ‘অ্যালুভিয়াল সিম্বল’, ক্যানভাসে অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যম।

শিল্পী কালিদাস কর্মকার ১৯৪৬ সালে ফরিদপুর শহরের জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬২-৬৪তে ঢাকা ইনস্টিটিউট অব আর্টস থেকে ২ বছরের কোর্স শেষ করে, ১৯৬৯ সালে কলকাতায় গভর্নমেন্ট কলেজ অব ফাইন আর্টস থেকে প্রথম বিভাগে প্রথম স্থান নিয়ে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।
একক প্রদর্শনী ছাড়াও বহু দলগত প্রদর্শনীতেও অংশগ্রহণ করেছেন এই শিল্পী। কালিদাসের চিত্রকর্মে মিশ্রমাধ্যম, বর্ণবৈচিত্র্য, আধ্যাত্মিকতা, বাংলাদেশের ইতিহাস-সচেতনতা ও বাঙালি-সংস্কৃতির সঙ্গে নিবিড় সংযোগ মুগ্ধকর। কালিদাস তাঁর চিত্রকর্মে সচরাচর চারপাশে খুঁজে পাওয়া উপাদান ব্যবহার করে থাকেন। এর মধ্যে থাকে জীবনযাপনের নানা উপকরণ, পরিত্যক্ত কাগজ, লোহার টুকরা, নুড়ি-পাথর, শামুক, কড়ি ইত্যাদি। কালিদাস তাঁর কাজে এসব চারপাশের উপকরণের সঙ্গে আধ্যাত্মিকতাকে মেশান।