আজ শেষ হচ্ছে কলকাতা বইমেলা

শনিবার রাত পৌনে নয়টায় যখন রবীন্দ্রসদনের অন্য সাংস্কৃতিক কেন্দ্রগুলোয় নেমে এসেছিল নীরবতা, ঠিক তখন ঠিক মাঝের খোলা চত্বরটিতে হাজারো মানুষের উপস্থিতি। মঞ্চের ওপর হারমোনিয়াম হাতে একের পর এক গানে মুগ্ধতা ছড়াচ্ছিলেন বাংলাদেশের বরেণ্য শিল্পী রেজওয়ান চৌধুরী বন্যা। পাশেই সারি ধরে সাজানো ঢাকার সুপরিচিত প্রকাশনা সংস্থার স্টল। প্রতিটি স্টলে উৎসুক বইপ্রেমিদের দেখা গেল নতুন বইয়ের পাতা ওল্টাচ্ছেন, খুঁজছেন নিজের মনের মত বইটি।
কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্র সদন প্রাঙ্গণে আগের শনিবার সন্ধ্যায় শুরু হয়েছিল নয় দিনব্যাপী পঞ্চম বাংলাদেশ বইমেলা। গতকাল শনিবার অষ্টম দিনের এই চিত্র বলে দেয়, এবারের আয়োজনটি কতটা সফল হয়েছে, সাড়া ফেলেছে স্থানীয়দের মাঝে। এবারের মেলা নিয়ে প্রকাশকেরাও খুশি। আজ রোববার মেলার শেষ দিন। রাত ৯টা পর্যন্ত চলবে মেলার বিকিকিনি। চলবে লেখক, প্রকাশক আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার সন্ধ্যা থেকে মেলার বেশিরভাগ স্টলেই ভিড় দেখা গেল সারাক্ষণ। শুধু তাই নয়, মেলামঞ্চে দিনের আয়োজনটিও ছিল জমজমাট। প্রথমে আলোচনা, পরে গান। সামিয়ানার নীচে প্রতিটি আসন ছিল পূর্ণ। আশেপাশে দাঁড়িয়েও ছিল অনেকে। বিকেল সাড়ে ৫টায় শুরু হওয়া এদিনের আয়োজনের শুরুতে ছিল ‘প্রেক্ষাপট শিশু সাহিত্য: বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ’ বিষয়ে আলোচনা। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর। তিনি দুই বাংলার উপযোগী করে শিশুদের জন্য একটি সময়োপযোগী শিশু সাহিত্য পত্রিকা প্রকাশ করার ইচ্ছার কথা জানান। মূল প্রবন্ধ পাঠ করেন আমিরুল ইসলাম। নির্ধারিত বক্তা না হলেও অনুষ্ঠানের এক পর্যায়ে অনুষ্ঠানস্থলে হাজির হয়ে অনুষ্ঠানকে আরো আলোকিত করেন দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শিশু সাহিত্য নিয়েই কিছক্ষণ বললেন তিনি। চলল পাঠক, লেখক, প্রকাশকদের আড্ডা। অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ উপহাইকমিশনের কাউন্সিলর ওমর ফারুক খান। আলোচক ছিলেন শিশু সাহিত্যিক জিয়াদ আলী, দীপ মুখোপাধ্যায় প্রমুখ। এদিনের অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তরুণ কবি পিয়াস মজিদ।
স্থানীয়দের পক্ষ থেকে অনুষ্ঠান সমন্বয় করতে দেখা গেছে স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমানুল হককে। গুরুত্বপূর্ণ আলোচনায় অনুষ্ঠানটি জমজমাট ছিল, দর্শকের অপেক্ষা ছিল রেজওয়ান চৌধুরী বন্যার জন্য। অন্তত তাঁকে মঞ্চে দেখার পর দর্শকের করতালি তাই বলে। বন্যা নিজের এবং দর্শকের অনুরোধে বেশ কিছু গান শোনান। তাঁর গান চলাকালে একজন দর্শককেও আসন ছেড়ে উঠতে দেখা যায়নি। সামনের দিকে বসা আলিপুর থেকে আসা সরকারি চাকুরীজীবী মিতালী পাল স্থানীয় উচ্চারণে পাশের মানুষটিকে বলতে থাকেন, ‘অনেক অনুষ্টানেরই নেমন্তন্য পাই। যাইনা, ওঁদের গান সুনতে একদমই ভাল লাগে না। অপেক্ষায় থাকি বন্যার গান শুনবো বলে। বন্যার গান শুনলে মনে হয়, এটাই রবীন্দ্রনাথের উপযুক্ত মেয়ে। আফসোস, রবীন্দ্রনাথ দেখে যেতে পারেন নি মেয়েটাকে! রবীন্দ্রনাথও খুশি হতেন উনার গান শুনে।’

এবারের মেলা নিয়ে সন্তুষ্ট প্রকাশকেরা। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান ইউরোপের বেশ কয়েকটি দেশ ঘুরে গতকাল শনিবার দুপুরে ঢাকায় পৌঁছে বিকেলে কলকাতায় চলে আসেন মেলায় অংশ নিতে। বললেন, ‘যতটুকু খবর পেয়েছি, এবার আশাতীত সাড়া পাওয়া গেছে। আগামীতে আরও বড় পরিসরে মেলা আয়োজনের পরিকল্পনা আছে আমাদের।’ সমিতির সহসভাপতি ও অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম জানালেন, কলকাতার রাজারহাটে একটি ক্যান্সার হাসপাতালে ব্লাডক্যান্সারে আক্রান্ত বড় ভাইয়ের চিকিৎসার চলছে। ভাইকে সময় দিতে হচ্ছে। এ ফাঁকে চেষ্টা করছি মেলায় আসতে। তিনি বলেন, বেচা-বিক্রি পরের কথা, মেলায় আসলে পাঠক-লেখকের দেখা হয়, আড্ডা হয়। অন্যরকম টান অনুভব করি এখানে। চন্দ্রাবতী একাডেমির কামরুজ্জামান কাজল এ মেলাকে দেখছেন লেখকের সঙ্গে নতুন করে যোগসূত্র তৈরির উপলক্ষ হিসাবে। অনিন্দ প্রকাশনীর আফজাল হোসেন জানালেন, এখানকার পাঠকদের চাহিদা বিচিত্র রান্নার বই থেকে শুরু করে ইতিহাস, গবেষণা পর্যন্ত।
আজ বিকেলে সাড়ে ৫টায় মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজনে প্রধান অতিথি থাকবেন সমরেশ মজুমদার। পাইরেসি নিয়ে বিশেষ প্রবন্ধ পাঠ করবেন কামরুল হাসান শায়ক। আলোচনা করবে প্রকাশক মাজহারুল ইসলাম ও মেজবাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের উপ হাইকমিশনের কাউন্সিলর (কনস্যুলার) মনসুর আহমেদ। মেলার আয়োজক কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। মেলা চলবে বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত। এই বইমেলায় বাংলাদেশের ৪৮টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে।