সাংস্কৃতিক সংগঠন সমতট-এর উদ্যোগে কুমিল্লার বীরচন্দ্রনগর মিলনায়তনে ১২ জুলাই ২০১২-এর আষাঢ়ঘন সন্ধ্যায় শান্তনু কায়সারের গ্রন্থনা ও নির্দেশনায় মঞ্চস্থ হলো শ্রুতিনাট্য কাল সমকাল। নাটকটির এটিই ছিল প্রথম মঞ্চায়ন। সূচনা বক্তব্যে শান্তনু কায়সার বলেন, ‘এই নাটকের মধ্য দিয়ে একটি নতুন নিরীক্ষার চেষ্টা করা হয়েছে। বাচনিক অভিনয়কে দর্শক-শ্রোতার কাছে জীবন্ত করে তোলা একটা চ্যালেঞ্জ বটে। সমতটের নবীন অভিনেতারা এই চ্যালেঞ্জ গ্রহণ করে ইতিহাস ও সমসময়ের মধ্যে মালা গাঁথার দায়িত্ব গ্রহণ করেছেন।’শ্রুতিনাট্য শুরু হলে প্রকৃতপক্ষে নাট্য নিরীক্ষার স্বাদ পাওয়া গেল। বাংলা রঙ্গমঞ্চের বিখ্যাত ব্যক্তিত্ব মাইকেল মধুসূদন দত্ত, মীর মশাররফ হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ শামসুল হক থেকে শুরু করে সাম্প্রতিকতম নাট্যজন ব্রাত্য বসুর উপস্থিতি টের পাওয়া গেল এক ঘণ্টা দৈর্ঘ্যের এই শ্রুতিনাট্যে। মাইকেলের প্রহসন বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, মীর মশাররফের নাটিকা বসন্তকুমারী, রবীন্দ্রনাথের রথের রশি নাটক, সৈয়দ হকের কাব্যনাট্য নূরলদীনের সারাজীবন ও এখানে এখন আর ব্রাত্য বসুর উইঙ্কল টুইঙ্কল-এর নাট্যাংশ মিলেমিশে গঠন করেছে কাল সমকাল-এর কাঠামো।কয়েক শতাব্দীর নাটকের খণ্ডাংশ যেমন পটভূমিগত ভিন্নতা অতিক্রম করে এখানে বিষয়ের অন্তর্গত ঐক্যে অভিন্ন সুর সৃষ্টি করে, তেমনি ইতিহাসের আলো-ছায়ায় সমকালের সত্য-দর্শনও ঘটায়। কাল সমকাল বলতে চেয়েছে স্বার্থান্বেষী গোষ্ঠী কর্তৃক ধর্মের নামে মানুষে মানুষে বিভক্তির সৃষ্টির চিরাচরিত ইতিহাসের কথা। একই সঙ্গে শোষকশ্রেণীর অবক্ষয়িত দশাও বাঙ্ময় করে এই নাটক। তবে শুধু নেতিমূলক চিত্রের দৃশ্যায়নই নয়, শূদ্র অর্থাৎ প্রান্তিক মানুষের মধ্যে মহারুদ্রের উত্থানের ইঙ্গিতও ব্যক্ত হয় এই শ্রুতিনাট্যে। আবার ‘এজ অব ইনফরমেশন’-এর গোলকধাঁধার মানুষকে অনুভূতিহীন পুতুলে পরিণত করার তিক্ত সত্যেরও দেখা পাই আমরা এখানে। এখানে এখন-এর ‘আমাদের দুর্বল, দৈবনির্ভর তারা করে দিতে চায়’। অথচ কোরআনে আছে, আল্লাহ বলেন, ‘যে জাতি নিজের ভাগ্য নিজে না ফেরায়, তিনি তাঁর হন না সহায়’ গিয়ে মেশে উইঙ্কল টুইঙ্কল-এর এমন বক্তব্যের সঙ্গে ‘জ্ঞান বাড়ছে, তথ্য বাড়ছে, কিন্তু মানুষের খারাপ থাকাও বাড়ছে। বেড়েই চলেছে। ভালো থাকছে ছোট্ট একটা অংশ, যারা অন্যের ভালো থাকা, খারাপ থাকা কী তা বোঝেই না। এত গতি এখন পৃথিবীর যে কে, কোথায় থমকে দাঁড়িয়ে আছে, তা দেখার ফুরসতটুকুও নেই।’শ্রুতিনাট্যে রবীন্দ্রনাথের ‘এবার তোর মরা গাঙে বান এসেছে’, ‘নাই ভয়’ এবং নজরুলের ‘কারার ঐ লৌহকপাট’ সংগীতের ব্যবহার উদ্দীষ্ট বিষয়কে ভিন্নতর ব্যঞ্জনা দান করে। এভাবে কাল সমকাল ১২৭৯ বঙ্গাব্দকে মেলায় ১৪১৯ বঙ্গাব্দের সরণিতে। কুমিল্লার শ্রোতা-দর্শকদের কাছে এই নতুন নাট্যাভিজ্ঞতার নেপথ্যে ছিলেন গ্রন্থনা ও নির্দেশনায় শান্তনু কায়সার, পরিচালনায় সমীর মজুমদার, মহড়া পরিচালনায় চামেলী মজুমদার, বাচনিক অভিনয়ে সমীর মজুমদার, আবদুল মালেক, হারুনর রশীদ, হুমায়ুন কবীর, প্রলীপ দাস, সুমন চক্রবর্তী, কাকন দাস, মানসী সাধু, তপন দেবনাথ প্রমুখ। সংগীত পরিচালনায় মানসী সাধু, আবহসংগীতে হরিভূষণ সূত্রধর ও নাজমুল বাসার সাজ্জাদ।