কাল সিসিমপুর মেলা
ছোটদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুর এরই মধ্যে ষষ্ঠ বছরে পা রেখেছে। এ উপলক্ষে কাল মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ‘সিসিমপুর মেলা’। দিনব্যাপী এই মেলা শুরু হবে সকাল ১০টায়। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এই মেলায় শিশুদের জন্য থাকছে নানা ধরনের খেলা, সিসিমপুর শো, বায়োস্কোপে সিসিমপুর দেখা, জাদু, ছবি আঁকা আর ছোটদের প্রিয় চরিত্রে হালুম, টুকটুকি, ইকরি ও শিকুর সঙ্গে ছবি তোলার সুযোগ। থাকছে অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে শিশুর যত্নের খুঁটিনাটি জেনে নেওয়ার ব্যবস্থা। মেলা প্রাক-প্রাথমিক শ্রেণীর (প্লে গ্রুপ থেকে কেজি) শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য উন্মুক্ত থাকবে।সিসিমপুর অনুষ্ঠানের নির্মাতা প্রতিষ্ঠান নয়নতারা কমিউনিকেশন সূত্রে আরও জানা গেছে, কাল মেলার পাশাপাশি সিসিমপুর আউটরিচ প্রকল্পেরও উদ্বোধন করা হবে। সকালে তা উদ্বোধন করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী।জানা গেছে, বাংলাদেশ সরকার ও ইউএসএআইডির মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির আওতায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ‘সিসিমপুর আউটরিচ প্রকল্প’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের মধ্য দিয়ে বাংলাদেশ শিশু একাডেমী প্রায় তিন হাজার ২০০ প্রাক্-বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা উপকরণ সরবরাহ করবে। পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকদের জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করবে। এই প্রকল্পের কারিগরি সহায়তা দিচ্ছে নিউইয়র্কভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ। সিসিমপুর অনুষ্ঠানের ষষ্ঠ বর্ষের পর্বগুলো বিটিভিতে দেখানো হচ্ছে শুক্রবার সকাল নয়টা ৫ মিনিটে এবং বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায়।