কাল সেই ঝলমলে অনুষ্ঠান
ঢং ঢং ঢং! আর মাত্র একটি দিন। আগামীকাল বিকেলেই পর্দা উঠবে। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে বেজে উঠবে কণ্ঠ, ‘এখন শুরু হচ্ছে মেরিল-প্রথম আলো পুরস্কারের যুগপূর্তি অনুষ্ঠান।’ আমন্ত্রিত অতিথিরা অন্তত বিকেল সাড়ে পাঁচটার মধ্যে নিজ নিজ আসন খুঁজে নেবেন বলে আশা করা যাচ্ছে। বড় তারকাদের নিয়ে পৃথিবীর সবখানেই যেমন গুজব-গুঞ্জন চলে, দেশের সবচেয়ে নিরপেক্ষ এই অনুষ্ঠানকে ঘিরেও দেশব্যাপী আলোচনা, মাতামাতির কমতি নেই। যেমন বরাবরের মতো এবারও সঞ্চালকদ্বয়কে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে সবখানে। দুজনই অভিনয় করেন, গান করেন, মডেলিং করেন—এমন তারকা কারা? নোবেল? সঙ্গে কে? অনেকের প্রশ্ন। যেহেতু মেরিল-প্রথম আলো পুরস্কার নিয়ে প্রচারিত পর্দার পেছনের গল্প অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে নোবেলই সঞ্চালনা করেছেন, তাই সবাই ভেবেই নিয়েছেন নোবেল এবারের অনুষ্ঠান উপস্থাপনা করছেন। সত্যি কী মিথ্যা-জানা যাবে কাল। এদিকে সঞ্চালকদের পাশাপাশি সহ-উপস্থাপিকাদের নাম আবিষ্কার করা নিয়েও চারদিকে হইচই লক্ষ করা যাচ্ছে। তবে বরাবরের মতো নামগুলো এখনই বলা যাচ্ছে না, চমকটা চমকই থাকুক। এটুকু বলা যায়, খুব বেশি দিন হয়নি তাদের মর্ত্যের তারা হিসেবে জ্বলে ওঠার। এবারের যুগপূর্তি অনুষ্ঠান দেখে যাতে প্রিয় দর্শক বিমুগ্ধ, বিমোহিত হতে পারেন তার জন্যও আনন্দ বাহিনী এই কদিন চমকের পর চমক বুনছেন। শিল্পী হিমেল এবার অনুষ্ঠানের সেট করেছেন ভিন্নতার ছোঁয়া মাখিয়ে। সোহেল রহমান থেকে তানজিল—নৃত্য পরিচালনায় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। প্রতি বছরের মতো এবারও রয়েছে সংগীত পরিচালক শওকত আলী ইমনের চমক। সুদর্শন শিল্পী কুমার বিশ্বজিত্ আসছেন আরও নতুন চমক নিয়ে। ‘চুমকি’ রিমিক্স অ্যালবামখ্যাত সংগীত পরিচালক মেহেদী অনুষ্ঠানের জন্য সংগীত পরিচালনা করেছেন একটি বিশেষ পর্ব ‘ধামাকা’র।উজ্জ্বল সিনহা এবারও মূলধারা গানে তাঁর মেধা খাটিয়েছেন। মাইক্রোফোনে পাওয়া গেছে রেজওয়ানা চৌধুরী বন্যা ও ফাতেমা-তুজ-জোহরার মতো রবীন্দ্র-নজরুলের দুই সেরা শিল্পীকে। তারকাদের রূপ নকশার দায়িত্বটা বরাবরের মতো এবারও পারসোনার কানিজ আলমাস খানের কাঁধে পড়েছে। পোশাক সরবরাহ করছেন নগরদোলার নিকোলাস, রঙের বিপ্লব সাহা ও রামিম রাজ। এবারও পুরস্কার তুলে দেওয়ার সময় দর্শকদের চমক দেওয়ার চেষ্টা অব্যাহত থাকছে। সময় আর বেশি নেই। আর এক দিন পরই জানা যাবে, গত বছরের সেরা কারা? আর সেরাদের বরণ করার জন্য অন্য জনপ্রিয় তারকারা দর্শকদের কী উপহার দেন! তক্ষণ পর্যন্ত খানিকটা অপেক্ষা! একটা কথা বলা রাখি, এ অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য।