কাল হাসপাতাল থেকে বাসায় ফিরবেন রাজ্জাক
শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন নায়করাজ খ্যাত রাজ্জাক। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কাল বৃহস্পতিবার বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর। প্রথম আলো ডটকমকে রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি ও বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে বাপ্পারাজ। এদিকে স্কয়ার হাসপাতালে এখন বাবা রাজ্জাকের শয্যা-পাশে আছেন আরেক ছেলে সম্রাট। প্রথম আলো ডটকমকে আজ বুধবার সম্রাট বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের কারণে আব্বার ঠান্ডা লেগেছিল। রোববার রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। সোমবার সকালে চিকিত্সার জন্য তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।’ সম্রাট আরও বলেন, আব্বা এখন হাসপাতালের ডাক্তার জোবায়ের আহমেদের তত্ত্বাবধানে চিকিত্সাধীন আছেন। এরমধ্যে হাসপাতালে তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আব্বার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিত্সক জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা নিয়ে এখন আর উদ্বেগের কোনো কারণ নেই।’এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজ্জাক এখন সুস্থ। তবে তাঁকে প্রত্যহ তিনবার নেবুলাইজ করা হচ্ছে।’