কাল ৯৫ বছরে পা রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয়

কাল ১ জুলাই ৯৫ তম বছরে পা রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে আজ বৃহস্পতিবার বিকেলে শুরু হয়েছে ৩ দিনব্যাপী একটি আলোকচিত্র প্রদর্শনী। ‘১০০ বছরের দ্বারপ্রান্তে সৌরভে গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শিরোনামে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে নানা সময়ের দুর্লভ ১০০টি আলোকচিত্র নিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী।
আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ। অনুষ্ঠানে এ ছাড়া বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘এক শতকের অনন্য এক মাইলফলক ছোঁয়ার অভিযাত্রায় ৯৫ তম বছরে পা রাখল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের এবারের প্রতিপাদ্য “সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও মানবিক চেতনা বিকাশে উচ্চশিক্ষা।” এসব আলোকচিত্রে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস।’
প্রদর্শনীর অধিকাংশ ছবি সাদা-কালো। উপস্থাপিত হয়েছে গত শতকের নানা সময়। রয়েছে সাম্প্রতিক সময়ের কিছু রঙিন ছবিও। আর সবগুলো ছবির বিষয় একই—ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত বিশ্ববিদ্যালয়টির ইতিহাস ও ঐতিহ্য ধরা দিয়েছে এসব ছবিতে। উপস্থাপিত হয়েছে নান্দনিক স্থাপনার চিত্র। সেই সঙ্গে উঠে এসেছে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধসহ নানা আন্দোলন-সংগ্রামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের আত্মত্যাগ ও বলিষ্ঠ ভূমিকার চিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন।
প্রদর্শনীটি আগামীকাল শুক্রবার ও পরশু শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।