কাল 'এক শ বস্তা চাল'-এর ৭৫তম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এক শ বস্তা চাল’ নাটকের একটি দৃশ্য
‘এক শ বস্তা চাল’ নাটকের একটি দৃশ্য

আগামীকাল ১১ নভেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ‘এক শ বস্তা চাল’ নাটকটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ঢাকায় জাপান দূতাবাসের যৌথ প্রযোজনায় ‘এক শ বস্তা চাল’ নাটকটির এটি ৭৫তম প্রদর্শনী। ইয়োজো ইয়ামামোতো রচিত নাটকটি অনুবাদ করেছেন অধ্যাপক আব্দুস সেলিম। নাটকটির নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার।

আজ থেকে ১৬০ বছর আগের জাপানে দারিদ্র্যপীড়িত সামুরাইদের কাছে পার্শ্ববর্তী দেশ থেকে সাহায্য হিসাবে এসেছিল এক শ বস্তা চাল। সেখানকার মেয়র সেই চাল বিক্রি করে স্কুল বানানোর চিন্তা করেন। তিনি সেসময় সামুরাইদের উদ্দেশ্যে বলেছিলেন, বাইরের সাহায্যে একটি জাতি বাঁচতে পারে না। সাহায্য নেওয়ার বিষয়টা অত্যন্ত ঘৃণিত একটা কাজ। আজ আমাদের অধঃপতনের মূলে রয়েছে শিক্ষার অভাব। এই মূল বক্তব্যের ওপর ভিত্তি করে রচিত হয়েছে জাপানি নাটক ‘এক শ বস্তা চাল’।
শিল্পকলা একাডেমী সূত্রে জানা গেছে, নাটকটির ৭৫তম প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকায় জাপানি রাষ্ট্রদূত মাশাতো ওয়াতানাবে, স্বাগত বক্তব্য দেবেন একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ এবং শুভেচ্ছা জানাবেন নাটকের নির্দেশক গোলাম সারোয়ার।
প্রসঙ্গত, ‘এক শ বস্তা চাল’ নাটকটি ‘উচিমুরা’ ও ‘কোমেহিয়াপ্পিয়ো’ নামে দুটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। ঢাকার বিভিন্ন নাট্যদলের শিল্পীরা এ নাটকে অংশগ্রহণ করেছেন। ‘এক শ বস্তা চাল’ নাটকে অভিনয় করেছেন ফয়েজ জহির, জুনায়েদ ইউসুফ, সেতু, গোলাম শাহারিয়ার সিক্ত ও জয়িতা প্রমুখ।