কাল 'চর্যাগানের পুনর্জাগরণ'
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে ও সংস্কৃতির প্রাচীনতম নিদর্শন চর্যাপদ প্রকাশনার শত বছর যৌথভাবে উদ্যাপন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ভাবনগর ফাউন্ডেশন।
এ আয়োজনের পরিকল্পনা ও গবেষণা প্রাচীন চর্যার সমকালীন বাংলা রূপান্তর ও গ্রন্থনা করেছেন লোক গবেষক ও নাট্যকার সাইমন জাকারিয়া। তিনি জানান, কাল শনিবার রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে বিকেল পাঁচটায় এই আয়োজন অনুষ্ঠিত হবে। এই আয়োজনে ‘চর্যাগানের পুনর্জাগরণ’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে এ আয়োজনে মুখ্য আলোচক হিসেবে থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।
অনুষ্ঠানে হর প্রসাদ শাস্ত্রী ও প্রবোধ চন্দ্র বাগচী আবিষ্কৃত প্রাচীন চর্যাপদের ৫০টি পদের সমকালীন বাংলা রূপান্তরিত গীত বাণী সংগীতাকারে উপস্থাপন করা হবে। সেই সঙ্গে চর্যা সংস্কৃতির ওপর আলোচনা ও নৃত্য পরিবেশিত হবে। এ আয়োজনে চর্যানৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব এবং বুদ্ধ নাটক করবেন শিমূল ইউসুফ। এতে চর্যাগান পরিবেশনে অতিথি শিল্পী হিসেবে থাকবেন কমল খালিদ, সাইম রানা ও মনিরা ইসলাম। তা ছাড়া এ অনুষ্ঠানে কণ্ঠশিল্পী হিসেবে থাকবেন শাহ আলম দেওয়ান, অন্তর সরকার, রবিউল হক, মোবারক হোসেন, জসীম উদ্দীন, সরদার শাহাদাত হোসাইন, ফারজানা আলম লীনা, নাদিরা ইসলাম, ফারুক নুরী ও রাশিদুজ্জামান।