কাল ‘সিসিমপুর মেলা’
১ ও ২ জুলাই বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ‘সিসিমপুর মেলা’। মেলার এবারের স্লোগান ‘পৃথিবীটা দেখছি প্রতিদিন শিখছি’। বাংলাদেশে সিসিমপুর অনুষ্ঠানের নির্মাতা প্রতিষ্ঠান নয়নতারা কমিউনিকেশনস সূত্রে জানা গেছে, মেলায় শিশুদের জন্য থাকছে নানা ধরনের খেলা, জাদু, বায়োস্কোপ, সিসিমপুর প্রদর্শনী, ছবি আঁকা আর শিশুদের প্রিয় চরিত্র হালুম-টুকটুকি-ইকরি-শিকুর সঙ্গে ছবি তোলার সুযোগ। মেলায় শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবে হালুম ও টুকটুকি। বিনোদনের পাশাপাশি মেলায় আরও থাকবে নানা রকম শিক্ষামূলক কার্যক্রম। নয়নতারা কমিউনিকেশনসের প্রকল্পপ্রধান সারা যাকের বললেন, ‘দ্বিতীয়বারের মতো এই মেলা আয়োজন করা হচ্ছে। প্রথমবার পুরো মেলা চমৎকার করে সাজানো হয়েছিল। কিন্তু যাদের জন্য এই মেলা, তারা তেমনভাবে উপভোগ করতে পারেনি। এবার মেলা আয়োজনে সেই ব্যাপারটা আমরা ভাবনায় রেখেছি। আমরা চেষ্টা করেছি, ছোটরা যেন ঘুরেফিরে সবকটি বিষয় ঠিক ঠিক উপভোগ করতে পারে।’ ‘সিসিমপুর মেলা’ প্রাক-প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য উন্মুক্ত থাকবে।প্রতিদিন মেলা শুরু হবে সকাল ১০টায়। বিরতিহীনভাবে তা চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত। মেলা আয়োজনে সহযোগিতা করছে প্রাণ জুনিয়র জুস।সিসিমপুর অনুষ্ঠানটি নিয়মিত দেখানো হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে।