কালকিনের নতুন মনের মানুষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাকলে কালকিনের সঙ্গে জর্ডান লেন প্রাইস
ম্যাকলে কালকিনের সঙ্গে জর্ডান লেন প্রাইস

হলিউডের অভিনেত্রী মিলা কুনিসের সঙ্গে আট বছর প্রেমের পর ২০১১ সালে একাকী জীবন বেছে নিয়েছিলেন ‘হোম অ্যালোন’ তারকা ম্যাকলে কালকিন। এরপর মার্কিন অভিনেতা অ্যাশটন কুচারকে নতুন মনের মানুষ নির্বাচন করেন মিলা। কালকিন এতদিন একা থাকলেও সম্প্রতি তাঁর নতুন সঙ্গীর খবর জানিয়েছে কন্ট্যাক্ট মিউজিক। সম্প্রতি চুম্বনরত অবস্থায় অভিনেত্রী জর্ডান লেন প্রাইস ও কালকিন ক্যামেরাবন্দী হওয়ার পর তাঁদের প্রেমের খবর চাউর হয়েছে।
জর্ডানের সঙ্গে ছুটি কাটাতে ফ্রান্সে গিয়েছিলেন কালকিন। সম্প্রতি সেখানে তাঁদের দুজনকে হাত ধরে হাঁটতে দেখা যায়। শুধু তাই নয়, গত সপ্তাহে একসঙ্গে নৈশভোজেও অংশ নেন তাঁরা। সেসময় চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দী হন নতুন এ জুটি।
‘হোম অ্যালোন’ চলচ্চিত্রে তীব্র বুদ্ধিমত্তা আর ধুন্ধুমার সব কাণ্ড ঘটিয়ে বাঘা বাঘা অপরাধীদের নাস্তানাবুদ করে দর্শক হূদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন কেভিন ম্যাকক্যালিস্টার চরিত্রে রূপদানকারী ম্যাকলে কালকিন। ১৯৯০ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার হিট চলচ্চিত্র ‘হোম অ্যালোন’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে মাত্র ১০ বছর বয়সে রাতারাতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকায় পরিণত হন কালকিন।
দুই বছর বাদে ‘হোম অ্যালোন-২: লস্ট ইন নিউইয়র্ক’ চলচ্চিত্রেও কেভিন চরিত্রে অভিনয় করেন কালকিন।
গত বছর দ্য ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, মাদকের জালে জড়িয়ে মৃত্যুর প্রহর গুনছেন হলিউডের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল শিশুশিল্পী তকমা পাওয়া কালকিন। বড়জোর ছয় মাস আয়ু আছে তাঁর। পরে অবশ্য চিকিত্সা নিয়ে মাদকের জাল থেকে বেরিয়ে সুস্থ জীবনে ফিরে আসতে সক্ষম হন কালকিন।
মাদকের সঙ্গে কালকিনের সম্পৃক্ততার খবর প্রথম চাউর হয় ২০০৪ সালে। সেবার ১৭ দশমিক ৩ গ্রাম গাঁজা ও আরও দুই ধরনের মাদকসহ গ্রেপ্তার হন তিনি। এ জন্য জেলের ঘানিও টানতে হয় তাঁকে। অবশ্য চার হাজার ডলার মুচলেকার বিনিময়ে অল্প কিছুদিনের মধ্যেই মুক্তি পান তিনি।
অভিনয় জগতে মাত্র চার বছর বয়সে যাত্রা শুরু করেছিলেন কালকিন। মঞ্চ দিয়েই যাত্রাটা শুরু হয়েছিল তাঁর। আশির দশকে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তিনি। ১৯৯০ সালে ‘হোম অ্যালোন’ চলচ্চিত্রটিই তাঁকে সবার কাছে পরিচিত করে তোলে। ১৯৯৪ সালে মুক্তি পায় কালকিন অভিনীত ‘গেটিং ইভেন উইথ ড্যাড’, ‘রিচি রিচ’ ও ‘দ্য পেজমাস্টার’ ছবিগুলো। সেগুলো মাঝারি মাপের সাফল্য অর্জন করে। কালকিন সর্বশেষ ২০১১ সালে নিরীক্ষাধর্মী ‘দ্য রং ফেরারি’ চলচ্চিত্রে অভিনয় করেন। পুরো চলচ্চিত্রটির দৃশ্য ধারণ করা হয়েছিল আইফোনে।

১৯৯৮ সালে অভিনেত্রী র্যাচেল মিনারকে বিয়ে করেছিলেন কালকিন। কিন্তু বছর দুয়েকের মাথায় তাঁরা আলাদাভাবে বসবাস শুরু করেন। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। বিচ্ছেদের পর অভিনেত্রী মিলা কুনিসের সঙ্গে অভিসার শুরু করেন কালকিন। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেমের পর ২০১১ সালে সম্পর্কের ইতি টানেন তাঁরা।