
সাহিত্য, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম-এর দশম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হলো কবিদের কবিতা পাঠের আসর ‘কবিতা কথন’।
শুরুতেই স্বাগত বক্তব্য দেন কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত। কবিতা পাঠে অংশ নেন আসাদ চৌধুরী, হায়াৎ সাইফ, ফারুক আলমগীর, মিনার মনসুর, কাজী রোজী, শাহজাদী আঞ্জুমান আরা, বুলবুল মহলানবীশ, জাহিদ হায়দার, টোকন ঠাকুরসহ ১৪ জন কবি। ধন্যবাদ জ্ঞাপন করেন কালি ও কলম-এর সম্পাদকমণ্ডলীর সদস্য লুভা নাহিদ চৌধুরী।
কণ্ঠশীলনের দুই দিনের অনুষ্ঠান শেষ
‘সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর’ স্লোগান নিয়ে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে দুই দিনব্যাপী ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব শেষ হলো গতকাল। বিকেলে সমবেত সংগীত দিয়ে শুরু হয় সমাপনী দিনের অনুষ্ঠান। এরপর ছিল শিশুদের পরিবেশনা। এতে অংশ নেয় কল্পরেখার শিশু শিল্পীরা। এরপর ছিল কেরানীগঞ্জের কল্যাণ পরম্পরার শিল্পীদের সমবেত সংগীত।
পরে ওয়াহিদুল হকের স্মৃতিচারণায় কবিতা পাঠ করেন কবি রফিক আজাদ। আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী আশরাফুল আলম ও হাসান আরিফ। এরপর শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন নৃত্য নন্দনের শিল্পীরা। স্মৃতিচারণা ও আবৃত্তিতে অংশ নেন মীর বরকত, গোলাম সারোয়ার, এনায়েত কাজল, লায়লা আফরোজ, ডালিয়া আহমেদ, শিমুল মুস্তাফা, মাহিদুল ইসলাম , মাশকুর-এ সাত্তার, নায়লা তারান্নুম চৌধুরী, তামান্না, তিথি প্রমুখ। বাবুল বাউলের পরিচালনায় অচিন পাখি বাউল সমিতির বাউল গান দিয়ে শেষ হয় দুই দিনের এই আয়োজন।
ছায়ানটের দেশঘরের গান
চারুকলা অনুষদের বকুলতলায় ছায়ানটের আয়োজনে দুই দিনের দেশঘরের গান শেষ হলো গতকাল শনিবার। সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের স্মরণে দেশের বিভিন্ন অঞ্চলের লোকসংগীতভিত্তিক এই অনুষ্ঠান শুরু হয়েছিল গত বৃহস্পতিবার।
গতকাল সমাপনী অনুষ্ঠানে ছিল দুটি পর্ব। প্রথম পর্বে ছিল আঞ্চলিক গান। বগুড়া জেলার গান পরিবেশন করেন জয়নব তাবাস্সুম বানু, নোয়াখালী জেলার গান পরিবেশন করেন বেলাল হোসেন, বরিশালের গান করেন শহিদুজ্জামান মামুন, পটুয়াখালী জেলার গান পরিবেশন করেন পরেশচন্দ্র মণ্ডল। পরে ছিল ময়মনসিংহ উদীচী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মহুয়া সুন্দরী পালা।