কালিকার স্মরণে ভারতে 'ভুবন মাঝি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুবন মাঝি ছবিতে পরমব্রত ও অর্পণা
ভুবন মাঝি ছবিতে পরমব্রত ও অর্পণা

বাংলাদেশের ছবি ভুবন মাঝি যাচ্ছে ভারতে। সেখানে প্রয়াত লোকসংগীতশিল্পী কালিকা প্রসাদের স্মরণে আয়োজিত ‘পরাণের গহীন ভেতর’ অনুষ্ঠানে এর বিশেষ প্রদর্শনী হবে। ২৯ এপ্রিল ভারতের আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনীর মধ্য দিয়ে ফাখরুল আরেফীন খান পরিচালিত ভুবন মাঝি প্রথমবারের মতো ভারতে প্রদর্শিত হতে যাচ্ছে।

কালিকা প্রসাদ
কালিকা প্রসাদ

ভুবন মাঝি ছবিটি মুক্তি পায় গত ৩ মার্চ। এতে অভিনয় করেছেন ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, বাংলাদেশের অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, নওশাবা, সুষমা সরকার, ওয়াকিল আহাদ ও মামুনুর রশীদ। ছবিটির সংগীত পরিচালনা করেছিলেন কালিকা প্রসাদ ভট্টাচার্য। গত ৭ মার্চ সড়ক দুর্ঘটনায় কালিকা প্রসাদ প্রাণ হারান।
কালিকা প্রসাদের স্মরণে উড়ান নিবেদিত অনুষ্ঠানে অংশ নিতে ভারতে গেছেন ছবির নির্মাতা ফাখরুল আরেফীন, অভিনয়শিল্পী অপর্ণা ঘোষ, মাজনুন মিজান ও শুভাশিষ ভৌমিক। অনুষ্ঠানে ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে।
এদিকে এ প্রদর্শনীর ব্যাপারে জানতে ফাখরুল আরেফীন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান আরও কিছু তথ্য। তিনি বলেন, আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দক্ষিণ এশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভুবন মাঝি ছবিটি নিয়ে যাচ্ছেন তিনি। তা ছাড়া বিকল্প ব্যবস্থায় ছবিটির প্রদর্শনীও চলছে দেশের বিভিন্ন স্থানে।