
রোববার সপ্তাহের প্রথম কার্যদিন। দীর্ঘ যানজট-জনজটে ঝামেলা পোহাতে হলো। সেই ঝামেলা পেরিয়ে রাজধানীর উত্তর বাড্ডার প্রগতি সরণির অ্যাথেনা গ্যালারিতে ঢুকেই কানে ভেসে এল মিষ্টি সুর। হৃদয়গ্রাহী এই সুরের মূর্ছনায় প্রদর্শনীটি হয়ে উঠেছিল মনোরম। নিমেষেই মন ভালো করে দেওয়া এই প্রদর্শনী কক্ষে চলছে শিল্পী কালিদাস কর্মকারে ৭১তম প্রদর্শনী।
আগামী ১০ জানুয়ারি এই শিল্পীর ৭১তম জন্মদিন। জন্মদিনটিকে স্মরণীয় করে তোলার জন্য তিনটি একক প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনার প্রথম আয়োজন অ্যাথেনা গ্যালারির ‘পাললিক অনুভব’। ৪ ডিসেম্বর ১৯ দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রদর্শনী কক্ষে বেশ মুগ্ধতা নিয়ে বেশ কয়েকজন দর্শককে দেখা গেলেও ছিলেন না শিল্পী কালিদাস কর্মকার। প্রদর্শনী নিয়ে তাঁর সঙ্গে যখন কথা হয়, তখন তিনি ছিলেন মালিবাগের গ্যালারি কসমসে। জন্মদিনকে ঘিরে পর্যায়ক্রমে তিনটি একক প্রদর্শনীর আয়োজন করলেও প্রতিটি প্রদর্শনীতে ভিন্ন ভিন্ন কাজ থাকছে, এক গ্যালারির কাজ অন্য গ্যালারির প্রদর্শনীতে দেখা যাবে না। অ্যাথেনা গ্যালারির প্রদর্শনীটি সাজানো হয়েছে বিভিন্ন মাধ্যমে করা ৭১টি শিল্পকর্ম দিয়ে। অ্যাক্রিলিক, মিশ্রমাধ্যম, ডিজিটাল লিথোগ্রাফ, ড্রইংয়ের কাজ যেমন রয়েছে, তেমনি রয়েছে জাপানি টেকনিকে করা ‘ওয়াশি’ মাধ্যমে তৈরি তিনটি কাজ। আছে ইরানে করা নৌকার পালে নির্মিত চারটি চিত্রকর্ম ও জাপানে করা কলোগ্রাফে পাঁচটি কাজ।
শিল্পীর সঙ্গে মুঠোফোনে কথা বলতে বলতে চলে গ্যালারিতে ঘোরাফেরা। বেশির ভাগ ছবিই বিমূর্ত। যাঁরা অতীতে শিল্পীর কাজের সঙ্গে পরিচিত, তাঁর স্বাক্ষর না দেখেও বলে দিতে পারবেন শিল্পীর পরিচয়। গভীরভাবে খেয়াল করলে বেশ কিছু ছবিতে বর্তমান সময়, অবিশ্রান্ত, মানবীয় অভিজ্ঞতার সম্পর্কের ভাষা মূর্ত ধরা দিয়েছে দারুণভাবে। দীর্ঘদিন দেশের বাইরে শিল্পীর বিচরণ হলেও ছবিগুলো দেখে সহজেই বোঝা যায়, ছবির শিকড় গাঁথা এ জনপদেরই মাটিতে। এ ভূখণ্ডের যাপনপ্রণালি, নানা ধর্মের সমন্বয়, লোকশিল্পের নানা প্রতীক উপাদান বারবার এসেছে শিল্পী কালিদাসের চিত্রকলায়। সেসব চিত্রকলায় এ জনগোষ্ঠীর বিভিন্ন আন্দোলনের অনুষঙ্গ যেমন এসেছে, তেমনি এসেছে তাবিজ, কবচ আর কড়ি।
প্রদর্শনী ২২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।