কালিদাস কর্মকারের চিত্রকর্মের প্রদর্শনীতে বরাবরই থাকে সুরের আয়োজন। কয়েক বছরের ধারাবাহিকতায় গতকালও ছিল তা। রোববার সপ্তাহের শুরুর দিন দীর্ঘ যানজট-জনজটে ঝামেলা পোহানো নগরবাসী শাহবাগের জাতীয় জাদুঘরে প্রবেশের আগেই শুনল ঢোলের বাদ্যি। মিলনায়তনের ভেতরে মূল অনুষ্ঠান শুরুর আগে ‘ক্লারিওন’ নামে একটি বাঁশিতে মনহরা সুর তুলছিলেন বংশীবাদক দিলীপ দাস।
১০ জানুয়ারি এই শিল্পীর ৭১তম জন্মদিন। এ উপলক্ষে ধারাবাহিকভাবে তিনটি একক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সে ধারাবাহিকতায় গতকাল জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষে হয়েছে কালিদাস কর্মকারের ৭২তম একক শিল্পকর্ম প্রদর্শনী।
‘পাললিক প্রাণ-মাটি-প্রতীক’ শিরোনামে ২২ দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি ফারুক সোবহান। সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
উদ্বোধনী পর্বে আনিসুজ্জামান বলেন, ‘সৌন্দর্যের অন্বেষণ কালিদাসের ছবির প্রধান লক্ষণ নয়, যন্ত্রণাবোধ তাঁর ছবির প্রধান লক্ষণ। একজন দর্শক হিসেবে আমার মনে হয়েছে, কালিদাস কর্মকারের এ ছবিগুলোতে যুগের যন্ত্রণা প্রধান হিসেবে দেখা দিয়েছে। শিল্পী রং ও তুলির আঁচড়ে তার সৃজনশীলতাকে যেমন প্রকাশ করেছেন, তেমনি প্রকাশ করেছেন জীবনস্পর্শী নানা ব্যঞ্জনাকে।’
কালিদাস কর্মকার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমার ছবি আমার জীবনের ডায়েরি। প্রতিদিন যা ভাবি, তা-ই ছবিতে তুলে আনার চেষ্টা করি।’
আসাদুজ্জামান নূর বলেন, ‘দেশে বারবার সংস্কৃতির ওপরে আঘাত এসেছে, মুক্তবুদ্ধির মানুষের ওপরে আঘাত এসেছে। কিন্তু সংস্কৃতির প্রতি আমাদের তীব্র ভালোবাসা ও সাহস শিল্পের অগ্রযাত্রাকে থামাতে পারেনি।’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেত্রী শমী কায়সার।
এ প্রদর্শনীতে রয়েছে শিল্পীর অ্যাক্রিলিক, মিশ্র মাধ্যম, গোয়াশ, কোলাজ, ওয়াশি, মেটাল কোলাজ, ড্রয়িং, ডিজিটাল লিথো এবং মিশ্র মাধ্যমের স্থাপনাশিল্প।
প্রদর্শনীতে ৫২টি চিত্রকর্ম ও বাস্তব সময়ের নিরিখে দুটি স্থাপনাশিল্প স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।
জমে উঠেছে বাংলাদেশ সংস্কৃতি উৎসব
শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে জমে উঠেছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব। দেশের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এসে এ মঞ্চে নিজেদের যোগ্যতা তুলে ধরছেন দর্শকের সামনে। এ ধারাবাহিকতায় গতকাল রোববার পরিবেশিত হয় বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর ও টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনা।
তাঁদের পরিবেশনায় ছিল দলীয় সংগীত, নৃত্য একক গান ও সংশ্লিষ্ট অঞ্চলের নিজস্ব পরিবেশনা। জাতীয় সংগীত দিয়ে শুরু হওয়া তৃতীয় দিনের আয়োজনে ছিল কারার ওই লৌহকপাট, আমার দেশের মাটি, ধনধান্য পুষ্পভরা, চিড়া কুটি চিড়া কুটি, মিলন হবে কত দিনে ইত্যাদি গান।
আজ সোমবার বিকেলে রয়েছে যশোর, পঞ্চগড়, সিরাজগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনা। পরিবেশনা শুরু হবে বিকেল সাড়ে চারটায়।