কালীগঙ্গার পাড়ে 'বৈঠা'

গেন্দু মাঝি নদীতে খেয়া পারাপারের কাজ করেন। তাও সেই ষাটের দশক থেকে। মুক্তিযুদ্ধের সময় বৈঠা হাতেই যুদ্ধ করেছেন। গেন্দু মাঝির জীবনের সংগ্রামের এমন কাহিনি নিয়েই নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বৈঠা’। এ ছবির কাহিনি আর চিত্রনাট্য লিখেছেন প্রসূন রহমান। যৌথভাবে পরিচালনা করছেন রাজারাজ আর শাহাদাত সাহেব।
এ ছবির গল্পে রয়েছে— নদী গেন্দু মাঝির জীবনকে দিয়েছে সময়ের সমৃদ্ধ অভিজ্ঞতা। সেই সঙ্গে দিয়েছে বেঁচে থাকার আশ্বাস। কিন্তু এখন সেই নদীর ওপর তৈরি হয়েছে দীর্ঘ সেতু। গেন্দু মাঝি এখন প্রায় অলস বসে থাকেন। তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে গেছে আরও দুটি জীবন। তাঁর দুই মেয়ে পারুল আর শিউলি। মুক্তিযুদ্ধের পর আবারও যেন শুরু হয় গেন্দু মাঝির এক নতুন যুদ্ধ। এই যুদ্ধে তাঁর সহযোদ্ধা পারুল। এক সময় একাত্তরের পরাজিত শক্তির সঙ্গে সমঝোতা করতে হয় গেন্দু মাঝিকে। কিন্তু বাবার পরাজয় মেনে নিতে পারে না পারুল। নীরব এক প্রতিবাদে সোচ্চার হয় সে।
মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর ধারে শুটিং হচ্ছে চলচ্চিত্রটির। গেন্দু মাঝির চরিত্রে অভিনয় করছেন মামুনুর রশীদ। এরই মধ্যে তাঁর শুটিংয়ের অংশটি শেষ করেছেন তিনি। আজ বুধবার যাচ্ছেন নড়াইলে, আকরাম খানের ‘খাঁচা’ ছবির শুটিং করতে।
শুটিংয়ে যাওয়ার পথে মুঠোফোনে ‘বৈঠা’ ছবিটি প্রসঙ্গে মামুনুর রশীদ বললেন, ‘রাজারাজ আর শাহাদাত সাহেব এ প্রজন্মের ছেলে। মুক্তিযুদ্ধ দেখেনি। যুদ্ধের কথা শুনেছে। তাঁরা যেভাবে মুক্তিযুদ্ধকে আজকের প্রেক্ষাপটে তুলে ধরছে, তা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি।’ তিনি বলেন, ‘ওরা যখন ছবির ভাবনা নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছে, গেন্দু মাঝির চরিত্রে আমাকে অভিনয়ের জন্য অনুরোধ করেছে, আমি রাজি হয়ে গেছি। ওদেরকে উৎসাহ দিতে হবে। চমৎকার একটা গল্প নিয়ে ওরা ভেবেছে।’
‘বৈঠা’ ছবির ‘পারুল’ চরিত্রটি করছেন ফারজানা ছবি। তিনি জানিয়েছেন, ১৩ ও ১৪ নভেম্বর ‘বৈঠা’ ছবির শুটিং করেছেন তাঁরা। গতকাল মঙ্গলবার রাতে আবার এসেছেন। আজ বুধবার তিনি শুটিং করছেন। শুটিং শেষ হবে কাল বুধবার।
ফারজানা ছবি বলেন, ‘শুনেছি ছবিটি ইংরেজি ভাষায় সাবটাইটেল করা হবে। বিভিন্ন উৎসবে পাঠানো হবে।’
‘বৈঠা’ ছবির প্রসঙ্গে নির্মাতারা লিখিতভাবে জানিয়েছেন, স্বাধীনতার চেতনা আর জীবনের টানাপোড়েন, সেই সঙ্গে আবহমানকালের রূঢ় বাস্তবতার একটি খণ্ড চিত্রের বিশ্লেষণধর্মী রূপ তুলে ধরা হয়েছে এই গল্পে।
‘বৈঠা’ ছবিতে আরও অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ।