কালো মানুষের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুয়েলভ ইয়ার আ স্লেভ ছবির একটি দৃশ্য
টুয়েলভ ইয়ার আ স্লেভ ছবির একটি দৃশ্য

অস্কারে সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘টুয়েলভ ইয়ার আ স্লেভ’ ছবিটি। সে ছবি নিয়েই এই আলোচনা

ছেলেটার বয়স তখন ১৩ বছর। পূর্ব লন্ডনের একটা উচ্চবিদ্যালয়ে পড়ে। পড়াশোনায় ভালো। সবচেয়ে বড় কথা, ছেলেটার যে একটা শিল্পীমন আছে, সেটার পরিচয় মিলতে শুরু করেছে। তাদের ক্লাসে তখন ছিল দুটি শাখা। ৩সি১ এবং ৩সি২। প্রথম শাখাটায় রাখা হতো পড়াশোনা এবং আচার-আচরণে ভালো ছাত্রদের। সেটাই আসলে ছিল তার জায়গা। কিন্তু ছেলেটাকে পাঠানো হলো ৩সি২ শাখায়, যে শাখায় জায়গা হয় শ্রমজীবী শ্রেণীর। ছেলেটার অপরাধ? তার গায়ের রং কালো!

গল্পটা সেই কালো মানুষকে দাস বানিয়ে রাখার সময়কার নয়, গল্পটা আধুনিক বিশ্বেরই। ১৯৮২ সালের। সেদিনের সেই কৃষ্ণাঙ্গ ছেলেটা বেড়ে ওঠার প্রতি পদে আবিষ্কার করেছেন, দাসপ্রথা সেই কবে বিলুপ্ত হলেও সেই বিষবৃক্ষের শিকড় কোথায় যেন রয়ে গেছে। এখনো দাসপ্রথা রয়ে গেছে মানুষের ভাবনার জগৎটায়। সেই ছেলেটা বড় হয়ে যখন ছবি বানাবে, তার ছবির বিষয় হিসেবে বর্ণবাদ আর দাসপ্রথা যে উঠে আসবে, তাতে বিস্ময়ের কিছু নেই।

নিজের রক্ত, পরম্পরায় বয়ে চলা হূদয়ের ক্ষত আর পূর্বপুরুষের প্রতি দায়বোধ থেকেই ব্রিটিশ পরিচালক স্টিভ ম্যাকুইন বানিয়েছেন টুয়েলভ ইয়ার আ স্লেভ। আর এই ছবি দিয়েই ইতিহাস! অস্কারের ৮৬ বছরের ইতিহাসে এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ পরিচালকের ছবি সেরা চলচ্চিত্রের একাডেমি অ্যাওয়ার্ড জিতল।

১৯৯৩ সালে স্বল্পদৈর্ঘ্যের ছবি বিয়ার দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। প্রথম ছবিতেই বর্ণবাদের বিষয়টি তুলে ধরেছিলেন। যদিও ম্যাককুইন পরে এক সাক্ষাৎকারে বলেন, এটা ঠিক বর্ণবাদ নিয়ে বানানো ছবি নয়। একের পর এক শর্টফিল্ম দিয়ে হাত মকশো করতে থাকেন। ১৯৯৯ সালে টার্নার পুরস্কার জিতে প্রথম আলোচনায় আসেন। পূর্ণদৈর্ঘ্যের ছবি বানাতে অবশ্য আরও সময় নিয়েছেন। ২০০৮ সালে মুক্তি পায় তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি হাঙ্গার। ২০১১ সালে বানিয়েছেন শেম। কিন্তু নিজের স্বপ্নের ছবিটার জন্য কাহিনি খুঁজে পাচ্ছিলেন না কিছুতেই।

দাসপ্রথা নিয়ে মানবিক গল্প যখন হন্যে হয়ে খুঁজছিলেন, সে সময়ই তাঁর স্ত্রী ১৮৫৩ সালে প্রকাশিত সলোমন নর্থাপের লেখা আত্মস্মৃতি টুয়েলভ ইয়ারস আ স্লেভ-এর সন্ধান দেন। বইয়ের কয়েক পাতা পড়ার পর শিউরে ওঠে ম্যাককুইন আবিষ্কার করেন, এ-ই তো সেই গল্প, যা তিনি খুঁজছেন।

দাসপ্রথার সেই দিনগুলোয় কালো মানুষদের ওপর কতটা নির্মম অত্যাচার হয়েছে, এ গল্প তো এখন আর কারও অজানা নয়। ম্যাককুইনের তো আরও ভালো জানার কথা। কিন্তু সেই জানা গল্পটাই পড়তে গিয়ে তিনি আবিষ্কার করলেন, যেন নতুন করে সব জানছেন। গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাককুইন বলেছেন, ‘প্রতিটা পৃষ্ঠা ওল্টানোই ছিল যেন নতুন কিছু আবিষ্কার করা। কারণ, আপনি হয়তো ভেবে রেখেছেন দাসপ্রথা কী, সেটা আপনি জানেন। কিন্তু বইটা খুলে আপনি ভাববেন, ওহ ঈশ্বর! সত্যিই এসব হয়েছে?’

বোঝাই যাচ্ছে, ছবিটায় ভীষণ মানবিক একটা গল্প আছে। ১৮৪১ সালে সলোমন নর্থাপ স্বাধীন মানুষ হিসেবে নিউইয়র্কে বাস করতেন। তাঁর ছিল প্রেমময়ী স্ত্রী আর দুটি সন্তান। জীবিকার জন্য বেহালা বাজাতেন। নর্থাপের স্বপ্ন ছিল বড় শিল্পী হওয়ার। কিন্তু স্বপ্ন রূপান্তরিত হলো দুঃস্বপ্নে। তাঁকে সার্কাসে বেহালা বাদকের চাকরি দেওয়ার কথা বলে অপহরণ করে জোর করে বেচে দেওয়া হলো দাস হিসেবে।

এরপরই পৃষ্ঠার পর পৃষ্ঠাজুড়ে দাসদের ওপর শ্বেতাঙ্গরা কী নির্মম অত্যাচার চালিয়েছে, তারই বর্ণনা। আইনত একজন দাস না হয়েও এক যুগ ধরে দাসত্বের অত্যাচার সহ্য করতে হয় তাঁকে। অবশেষে এক শ্বেতাঙ্গই উদ্ধার করে মুক্তি দেয় নর্থাপকে। ঘরে ফিরে নর্থাপ দেখেন, তাঁর সাত বছরের মেয়েটির বয়স এখন ১৯। যে নিজেই এখন মাতৃত্বের গর্বে গর্বিত। হতভাগা নানা আবিষ্কার করেন, তাঁর নাতির নামও সলোমন!

এ এমন এক ছবি, যেটি দর্শকদের স্পর্শকাতর মনে নাড়া দিতে বাধ্য। ম্যাককুইন আমাদের বিবশ ভাবনার জগতে এই প্রশ্নের বিষমাখা তির বিঁধতে চেয়েছেন, দাসপ্রথার কলঙ্কের তিলক কি সত্যিই মোছে পৃথিবীর ললাট থেকে?

অস্কারে সেরা ছবির পুরস্কার হাতে নিয়ে ম্যাককুইন বলেন, ‘এই পুরস্কার তাঁদের প্রতি উৎসর্গ করেছি, যাঁরা দাসত্বের নির্মম যন্ত্রণা ভোগ করেছেন। দুই কোটি ১০ লাখ মানুষ কিন্তু এখনো দাসত্বের যন্ত্রণায় ভোগেন।’

বলেছেন, সলোমন নর্থাপকে নিয়ে ১৫০ বছর পর ছবি বানানো হলো। এই যুগের কোনো নর্থাপকে নিয়ে যেন আবার ১৫০ বছর পর কোনো ছবি বানাতে না হয়!

রাজীব হাসান

গার্ডিয়ান অবলম্বনে