কালো যদি মন্দ তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যয়ের কবি উপন্যাসের একটি গানের কথা, ‘কালো যদি মন্দ তবে, কেশ পাকিলে কান্দো কেনে?’ নির্দিষ্ট এই রংটি নিয়ে পৃথিবীর প্রায় সব প্রান্তেই কত কথা, কত দ্বন্দ্ব, কত অবহেলা। আমাদের এই উপমহাদেশে তো এই ‘কালো’ রং নিয়ে তাচ্ছিল্য আর অবহেলার শেষ নেই। আধুনিক এই সময়ে এসেও আধুনিক মানসিকতার মানুষেরাও সাদা-কালোর হিসাবনিকাশের পাল্লা নিয়ে বসে থাকেন। বলিউডে তো হরহামেশাই গায়ের শ্যামবর্ণের জন্য অনেক নামজাদা তারকাও হেনস্তা হন। অনেকে এর প্রতিবাদ করেন, অনেকে আবার নিজেদের মেধা আর কর্ম দিয়ে বুঝিয়ে দেন কালোর প্রভাব আর প্রতাপ। আজ এমন কিছু গল্পই থাকছে এ প্রতিবেদনে।
বিপাশা বসু
বিপাশা বসু

বিপাশা বসু
বলিউডে বাঙালি কন্যা বিপাশা বসুও তাঁর গায়ের রঙের জন্য নানাজনের কাছ থেকে নানান কথা শুনেছেন। তবে সবচেয়ে অপমানজনক মন্তব্যটি করেছেন অভিনেত্রী কারিনা কাপুর। বিপাশার প্রথম বলিউড ছবি আজনাবির শুটিংয়ের সময় সহ-অভিনেত্রী কারিনা তাঁকে ‘কালি বিল্লি’ (কালো বিড়াল) বলে সম্বোধন করেছিলেন। এরপর থেকে কারিনা আর বিপাশার মধ্যে একটা শীতল দ্বন্দ্ব শুরু হয়। এখনো স্বাভাবিক নয় দুজনের সম্পর্ক। কাজের সূত্র ধরে কিংবা সামাজিকতা রক্ষার জন্য দুজনকে একসঙ্গে দেখা গেছে কয়েকবার। তবে সেই ‘কালি বিল্লি’র বক্তব্যের রেশ কিন্তু এখনো রয়ে গেছে।

স্মিতা পাতিল
স্মিতা পাতিল

স্মিতা পাতিল
বর্ণবৈষম্য তো ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন নয়। শুরু থেকেই এ বৈষম্যের কাছে হার মেনে আসছেন অনেক মেধাবী শিল্পী। তবে কয়েকজন শিল্পী রয়েছেন যাঁরা এই রঙের বাছবিচারের কাছে হার মানেননি। তাঁদের মধ্যে একজন প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিল। গায়ের রঙের কারণে তাঁকে যে বৈষম্যের শিকার হতে হয়েছে এ নিয়ে কথা বলেছেন স্মিতার আর্থ ছবির পরিচালক মহেশ ভাট। স্মিতার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের মানসিকতা অন্ধকারাচ্ছন্ন। এখনো আমরা সেই পুরোনো চিন্তাধারা নিয়েই বসে আছি। তবে স্মিতা পাতিল ছিলেন রঙের বিষয়ে আপসহীন। ইন্ডাস্ট্রিতে তাকে অনেকবারই গায়ের রং নিয়ে নানা আপস করতে বলা হয়েছিল। কিন্তু স্মিতা তা কখনোই করত না। তার ব্যক্তিত্বেই ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাসের ছাপ। যা ইন্ডাস্ট্রির সনাতন ভাবনাকে ভেঙেচুরে দিত।’

ফ্রিদা পিন্টো
ফ্রিদা পিন্টো

ফ্রিদা পিন্টো
স্লামডগ মিলিওনিয়ার ছবি দিয়ে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন ভারতের মেয়ে ফ্রিদা পিন্টো। কিন্তু একসময় ভারতের মডেলিংয়ের দুনিয়ায় একটু জায়গা করে নিতে বেশ ঘাম ঝরাতে হয়েছিল ফ্রিদাকে। একবার নাকি এক অডিশনে গিয়ে বেশ অপদস্থ হতে হয়েছিল তাঁকে। অডিশনে তাঁকে এমন এক মেয়ের চরিত্রে অভিনয় করতে বলা হয়, যার গায়ের রং কালো এবং এ জন্য তাঁকে কেউ পাত্তা দিচ্ছে না। অডিশনটি ছিল একটি রং ফরসাকারী ক্রিমের। এ ঘটনায় কালো মেয়ে ফ্রিদার আত্মসম্মানে আঘাত লাগে। তখনই তিনি সেই অডিশন থেকে বেরিয়ে যান। পরে এক সাক্ষাৎকারে ফ্রিদা বলেছিলেন, ‘একটি নির্দিষ্ট বর্ণে মানুষদের রং ফরসাকারী ক্রিমের বিজ্ঞাপনে খাটো করে দেখানো হয়। তাই এই পণ্যগুলোকে আমি কখনোই সমর্থন করি না।’

নন্দিতা দাস
নন্দিতা দাস

নন্দিতা দাস
বর্ণবৈষম্যের ব্যাপারে বরাবরই সোচ্চার অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস। ‘ডার্ক ইজ বিউটিফুল’ নামের একটি ক্যাম্পেইনের সঙ্গে সরাসরি যুক্ত তিনি। এ বিষয়ে তিনি বেশ জোর গলাতেই বলেন নানা কথা। গায়ের রং নিয়ে চলচ্চিত্র জগতের নির্মমতা, একচোখা নীতিসহ নানা বিষয়ে নন্দিতা আওয়াজ তুলতে দ্বিধা করেন না। নন্দিতা বলেন, ‘প্রায়ই বলতে শুনি, “ওর গায়ের রং পরিষ্কার”! শুনে মনে হয় বাকি গায়ের রং বুঝি ময়লা। তাতে রয়েছে অপবিত্রতার ছাপ। এই মানসিকার প্রভাব কিন্তু আমাদের গান, কবিতা আর গল্পেও রয়েছে। সৌন্দর্য বোঝাতে আমরা সেই শ্বেতবর্ণই বুঝি এখনো।’

নওয়াজুদ্দিন সিদ্দিকী
নওয়াজুদ্দিন সিদ্দিকী

নওয়াজুদ্দিন সিদ্দিকী
ঘটনাটি একটু পুরোনো। ২০১৫ সালের। হালকা-পাতলা দেহগড়ন আর শ্যামবর্ণের অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর গায়ের রং নিয়ে কথা শুনিয়েছিলেন বলিউড অভিনেতা ঋষি কাপুর। এক সাক্ষাৎকারে নওয়াজ বলিউডের ট্রেডমার্ক নাচ আর গানওয়ালা ছবিকে ‘একঘেয়ে’ বলায় তা ঋষি কাপুরকে খেপিয়ে দেয়। তখন ঋষি কাপুর বলেন, ‘এই নাচ-গান নওয়াজুদ্দিনের দ্বারা হবে না। কারণ নায়কসুলভ সেই মুখশ্রী আর গড়ন তাঁর নেই। তাই নায়ক হওয়ার সুযোগ সে পাবে না।’

মনোজ বাজপেয়ি
মনোজ বাজপেয়ি

মনোজ বাজপেয়ি
একদম কৃষ্ণবর্ণ বলতে যা বোঝায়, তেমনটি নন মনোজ বাজপেয়ি। তবু বর্ণবৈষম্যের শিকার হয়েছেন তিনি। আমির-সালমানদের মতো দুধে-আলতা রং না হওয়ায় তাঁকে অনেকবারই অনেক নির্মাতা বাদ দিয়েছেন ছবি থেকে। ২০০১ সালে শ্যাম বেনেগালের জুবাইদা ছবিতে এক রাজপুত্রের চরিত্রে অভিনয় করে রীতিমতো সমালোচনার শিকার হয়েছেন বলিউডের এই ‘মেথড অ্যাক্টর’। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার অভিনয় সমালোচিত হলে আফসোস নেই। কিন্তু জুবাইদা ছবি রিভিউ করতে গিয়ে এক সমালোচক বলেছিলেন, আমাকে নাকি কোনো দিক থেকেই রাজপুত্রের মতো লাগেনি। এই মন্তব্য আমাকে কষ্ট দিয়েছে।’

ধানুশ
ধানুশ

ধানুশ
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা ধানুশ। দক্ষিণ ভারতের সুপারস্টার তিনি। বলিউডেও রানঝানা ছবিতে অভিষিক্ত হয়ে জিতে নিয়েছিলেন দর্শক-হৃদয়। কিন্তু গায়ের রঙের কারণে তাঁকেও বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছে পদে পদে। তবে এ বিষয়ে ধানুশ নিজে কথা বলতে নারাজ। তিনি তাঁর অভিনয় দিয়ে সব সমালোচকের মুখ বন্ধ করতেই বেশি আগ্রহী। কিন্তু ধানুশকে নিয়ে কথা বলেছেন তাঁর রানঝানা ছবির পরিচালক আনন্দ এল রাই। তিনি বলেন, ‘রানঝানা ছবির জন্য নায়ক খোঁজার সময় অনেকেই আমাকে বলেছিল দর্শকেরা নাকি এখন ফরসা-লম্বা নায়ক বেশি পছন্দ করে। তাই অনেক বোদ্ধাই তখন ধানুশের বিষয়ে সন্দিহান ছিলেন।’ কিন্তু পরে রানঝানার সাফল্য তাঁদের সবাইকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে।
টাইমস অব ইন্ডিয়া, মিড ডে, ডিএনএ ইন্ডিয়া এবং ইন্ডিপেনডেন্ট ইউকে অবলম্বনে