কাশবনে কবি নির্মলেন্দু গুণের জন্মদিন উদ্যাপিত
নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামে কবিবাড়ি ‘কাশবন’-এ গত বৃহস্পতিবার কবি নির্মলেন্দু গুণের ৬৮তম জন্মদিন উদ্যাপিত হয়। ‘কাশবন পরিচালনা পরিষদ’ আয়োজিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়, কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা, সংগীতসহ নানা আয়োজনে কবির শৈশবের সহপাঠী, খেলার সাথি, স্বজন, সুহূদ, শুভানুধ্যায়ী এবং ভক্তরা শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করেন কবিকে।জন্মদিন উপলক্ষে সারা দিনই কবির বাড়িতে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত হয়ে কবির সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। বিকেল থেকে কাশবনের বীরচরণ মঞ্চে অনুষ্ঠিত হয় কবিতা পাঠ, আবৃত্তি, বাউলগান ও নৃত্যানুষ্ঠান। কাশবন বিদ্যানিকেতনের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা এতে অংশ নেন। সন্ধ্যার পর কাশবন পরিচালনা পরিষদের মহাপরিচালক রামেন্দু গুণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে কবি নির্মলেন্দু গুণ ছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কবি রুহুল মাহবুব, নেত্রকোনা পৌরসভার মেয়র প্রশান্ত কুমার রায়, কবির বাল্যবন্ধু হারুন অর রশিদ ভূঁইয়া, ভাস্কর গোলাম মোস্তাফা, ছড়াকার সঞ্জয় সরকার প্রমুখ।