
কাশ্মীরে ছবি দেখার মতো নেই কোনো প্রেক্ষাগৃহ। ১৫ বছর আগে জঙ্গিরা সেখানে চলচ্চিত্র প্রদর্শনী নিষিদ্ধ করে দেয়। কাশ্মীরের প্রেক্ষাগৃহগুলোকে বদলে করা হয় হাসপাতাল, গেস্ট হাউস আর ময়দার কারখানা। এমনকি ঘরভর্তি সবাই মিলে সেখানে ছবি দেখার দৃশ্যই দুর্লভ।
সেই কাশ্মীরেই কিনা ডিভিডি কিনে, ডাউনলোড করে এমনকি প্রোজেক্টর ভাড়া করে এনে চলছে ছবি দেখা। যেখানে শাহরুখের হ্যাপি নিউ ইয়ার বক্স অফিসে একটার পর একটা রেকর্ড ভেঙে চলেছে, সেখানে চার সপ্তাহ আগে মুক্তি পাওয়া এক ছবি নিয়েই এখনো পড়ে আছে কাশ্মীরবাসী। বলুন তো কোন ছবি?
ছবির নাম হায়দার। হ্যাঁ, বিশাল ভরদ্বাজের এই ছবি ঠিক এমনই সাড়া ফেলেছে কাশ্মীরজুড়ে। নানা প্রতিবন্ধকতার মধ্যেও থেমে নেই কাশ্মীরবাসীর হায়দার দর্শন। বলা হচ্ছে, প্রেক্ষাগৃহ না থেকেও কাশ্মীরে হিট হায়দার।
শুধু কাশ্মীর নয়, বলিউডি মসলা ছবি থেকে অনেকটাই আলাদা হায়দার মন কেড়েছে হিন্দি ছবির দর্শক-সমালোচকদেরও। হায়দার নিয়ে কাশ্মীরবাসীর আগ্রহের কারণ, ছবিতে প্রকৃত কাশ্মীরের চিত্র অনেকটাই তুলে ধরতে পেরেছেন পরিচালক। তা ছাড়া ছবির বেশির ভাগ দৃশ্য চিত্রায়িত হয়েছে তিনটি দেশের প্রতিযোগিতা আর আস্ফালনের মধ্যে আটকা পড়ে যাওয়া পাহাড়ঘেরা এই সবুজ উপত্যকায়।
হায়দার ছবির সঙ্গে জড়িয়ে আছে আরেকটা নাম, উইলিয়াম শেকস্পিয়ার। শেকস্পিয়ারের গল্প নিয়ে বলিউডে গবেষণা নেহাত কম হয়নি। আর এ ক্ষেত্রে পরিচালক বিশাল ভরদ্বাজের নাম চলে আসে শুরুতেই। তিনি ‘ম্যাকবেথ’ থেকে মকবুল, ‘ওথেলো’ থেকে ওমকারা আর এবার ‘হ্যামলেট’ থেকে তৈরি করেছেন হায়দার। ছবিতে গত শতকের নব্বইয়ের দশকের পটভূমিতে কাশ্মীরের মানুষ, তাদের সমস্যা, রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক, বিদ্রোহ—এমনই জটিল রাজনৈতিক আবর্তের গল্পে বিশাল ভরদ্বাজ সাজিয়েছেন শেকস্পিয়ারের ‘হ্যামলেট’।
তবে এই ছবির বড় পাওয়া বলিউডের অভিনেতা শহীদ কাপুর। বক্স অফিসের নিরিখে যাকে ‘ফ্লপ হিরো’ বলা যেতেই পারে। প্রেমিকাদের সঙ্গে একের পর এক বিচ্ছেদ আর ফ্লপ ছবি দিয়ে যখন বলিউডের এই চকলেট বয়ের ১১ বছরের চলচ্চিত্রজীবন প্রায় শেষ হওয়ার জোগাড়, তখন হঠাৎ করেই হায়দার পুরো চিত্রটা পাল্টে দিয়েছে। শুটিং চলার সময় ‘ন্যাড়া’ মাথার শহীদ কাপুরের আলোকচিত্র থেকে অনেকেই বুঝতে পেরেছিলেন, এই ছবির জন্য নিজেকে অনেকটাই বদলে ফেলছেন তিনি। কামিনের পর ভরদ্বাজের পরিচালনায় দ্বিতীয় ছবিতে শহিদ তাঁর সেরাটা দিয়েছেন বলে মন্তব্য করেছেন নির্মাতাও। ছবিটিকে শহিদ এতটাই গুরুত্ব দিয়েছেন যে নিজের কাজের জন্য কোনো পারিশ্রমিকও নেননি।
হায়দার ছবিতে শহীদ কাপুরের বিপরীতে আছেন শ্রদ্ধা কাপুর। আশিকি টু ও এক ভিলেন-এর পর টানা তৃতীয় ছবি দারুণ ব্যবসা করছে শ্রদ্ধা কাপুরের। ২৪ কোটি রুপি বাজেটের হায়দার দুই সপ্তাহে আয় করেছে ৪৯ কোটি রুপি। শুধু বক্স অফিসের সাফল্য নয়, রোম চলচ্চিত্র উৎসবে জিতেছে পিপলস চয়েস অ্যাওয়ার্ড।
সাজিদুল হক
হিন্দুস্তান টাইমস ও টিওআই অবলম্বনে