উপমহাদেশের গণসংস্কৃতি আন্দোলনের প্রবাদপ্রতিম তিনি। শিল্পীসংগ্রামী হেমাঙ্গ বিশ্বাসের কথা বলছি। তাঁর গান অতিনিকট থেকে দেখা ও শোনার সৌভাগ্য হয়েছিল আমার। ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে তিনি তাঁর মাস সিঙ্গার দলসমেত ঢাকায় এসেছিলেন। প্রেসক্লাবে কয়েক ঘণ্টাব্যাপী গান শুনেছি।হেমাঙ্গ বিশ্বাসের জন্ম ১৯১২ সালের ১৪ ডিসেম্বর তৎকালীন শ্রীহট্ট জেলার হবিগঞ্জ মহকুমার চুনারুঘাটের মিরাশী গ্রামে। জমিদার বাবার সন্তান হয়েও শ্রেণীর সীমানা অতিক্রম করেছিলেন রাজনৈতিক মতাদর্শে এবং অঙ্গীকারে। নিজ পরিবারে গানের চর্চা ছিল না। তবে তাঁর নানা ছিলেন সে সময়ের নামকরা তবলাবাদক। মা সরোজিনী বিশ্বাস গান জানতেন এবং গান করতেন। শৈশবে স্কুলে যাওয়ার পথে গান গেয়ে গেয়ে স্কুলে যেতেন; তবে প্রাতিষ্ঠানিকভাবে গান শেখা তাঁর হয়নি। জ্যোতিপ্রকাশ আগারওয়ালের কাছ থেকেই নিয়েছিলেন গানের তালিম। গানের ক্ষেত্রে সেটাই ছিল তাঁর একমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা।হবিগঞ্জ মিডল ইংলিশ স্কুল এবং ডিব্রুগড়ের জর্জ ইনস্টিটিউটে শিক্ষা শেষে হবিগঞ্জ সরকারি স্কুল থেকে ১৯৩০ সালে দুই বিষয়ে লেটার নিয়ে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পাস করে ভর্তি হন শ্রীহট্টের মুরারীচাঁদ কলেজে। এ সময় কলেজছাত্র হেমাঙ্গ বিশ্বাস জড়িয়ে পড়েন স্বদেশি আন্দোলনে। এ কারণে তাঁকে ছয় মাস কারাভোগ করতে হয় এবং বহিষ্কৃত হতে হয় কলেজ থেকে। স্বদেশি আন্দোলনে যুক্ত থাকার কারণে ১৯৩২ সালে পুনরায় গ্রেপ্তার হয়ে একটানা প্রায় তিন বছর কারাভোগ করতে হয়। তখনই আক্রান্ত হন মারাত্মক যক্ষ্মা রোগে। বন্ড দিয়ে জেলমুক্তির নানা প্রস্তাব প্রত্যাখ্যান করায় মৃত্যু নিশ্চিত ভেবে ব্রিটিশ সরকার তাঁকে মুক্তি দেয়। ১৯৩৯ সালে কংগ্রেস সভাপতি সুভাষ বোস হবিগঞ্জে এলে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনাপত্র পাঠ করেন হেমাঙ্গ বিশ্বাস। সিলেট কমিউনিস্ট পার্টি হেমাঙ্গ বিশ্বাসকে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে গ্রামাঞ্চলে সংগঠন গড়ার কাজে পাঠায়। সে সময় রচিত হয় তাঁর বিখ্যাত গান ‘কাস্তেটারে দিয়ো জোরে শাণ’।১৯৪৬ সালে আসাম প্রদেশ গণনাট্য সংঘ গঠিত হলে হেমাঙ্গ বিশ্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং পর পর তিনবার ওই পদে নির্বাচিত হয়েছিলেন। ১৯৪৭ সালে মর্মান্তিক দেশভাগে গণনাট্য সংঘ ও কমিউনিস্ট পার্টির কর্মীরাও বিভাজনের শিকার হন। দেশভাগের নিষ্ঠুর পরিণতিতে হেমাঙ্গ বিশ্বাসের ব্যঙ্গাত্মক গান ‘মাউন্ট ব্যাটন মঙ্গলকাব্য’ দেশজুড়ে সাড়া ফেলেছিল। ১৯৫১ সালে হেমাঙ্গ বিশ্বাস গ্রেপ্তার হলেও অসুস্থতার কারণে ছাড়া পান। ১৯৫৭ সালে সুচিকিৎসার জন্য কমিউনিস্ট পার্টির উদ্যোগে তাঁকে চীনে পাঠানো হয়। টানা তিন বছর চীনে থেকে চীনা ভাষাও রপ্ত করেন। চীনা ভাষায় তাঁর অনেক গানও রয়েছে। চীন থেকে ফিরে ১৯৫৯ সালে রাণু দত্তকে বিয়ে করেন। চীন-সোভিয়েত মতাদর্শগত বিভাজনে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন বিভক্ত হয়ে পড়লে এর বিরূপ প্রভাব আমাদের উপমহাদেশেও পড়েছিল। চীনের প্রতি তাঁর অতি-আকর্ষণ এবং সোভিয়েত পার্টির সমালোচনার কারণে ১৯৭৪ সালে সোভিয়েত কনস্যুলেটের চাকরি ত্যাগ করতে হয়। ১৯৬৯ সালে নকশাল বাড়ী আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন দেন তিনি।হেমাঙ্গ বিশ্বাসের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে ‘হেই সামাল ধান হো’, ‘তেলেঙ্গানা তেলেঙ্গানা’, ‘আমি যে দেখেছি সেই দেশ’ (চীন নিয়ে), মার্কিন লোকসংগীত শিল্পী পিটার সিগারের আন্তর্জাতিক সংগীতের বঙ্গানুবাদ ‘আমরা করব জয়’, অজ্ঞাত মার্কিন লোকসংগীত ‘জন হেনরি’, ‘বাজে ক্ষুব্ধ ঈশানী ঝড়ে রুদ্র বিষাণ’, ‘নিগ্রো ভাই আমার পল রবসন’, ‘শঙ্খচিল’ প্রভৃতি উল্লেখযোগ্য। নাটক, যাত্রা ও চলচ্চিত্রে সুরকার ও সংগীত পরিচালনা করেছেন। এর মধ্যে উৎপল দত্তের কল্লোল ও তীর নাটক উল্লেখযোগ্য।হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবর্ষ ভারত ও বাংলাদেশে ব্যাপকভাবে পালিত হচ্ছে। তিনি রয়েছেন আমাদের প্রেরণার উৎসমূলে।