কাহানির জন্য ওজন কমাবেন বিদ্যা
স্থূল শরীরের জন্য কটু কথা শুনতে শুনতে একরকম অভ্যস্তই হয়ে গেছেন ‘ডার্টি পিকচার’খ্যাত বলিউডি অভিনেত্রী বিদ্যা বালান। অবশ্য এ ধরনের নেতিবাচক মন্তব্যে তিনি এমনিতেই খুব একটা গা করেন না। এবার সম্ভবত শরীরের মেদ ঝরাতে উঠেপড়ে লাগতে হবে বিদ্যাকে। কারণ, ‘কাহানি’ ছবির সিক্যুয়েলে অভিনয়ের জন্য তাঁকে শরীরের বাড়তি মেদ ঝরানোর শর্ত জুড়ে দিয়েছেন ছবির পরিচালক সুজয় ঘোষ।‘কাহানি ২’ ছবিতে মারকুটে সব অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে হবে বিদ্যাকে। মূলত, এ কারণেই পরিচালক তাঁকে নির্দেশ দিয়েছেন, গত কয়েক মাসে বিদ্যা শরীরে যে মেদ জমিয়েছেন, তা ঝরিয়ে ফেলতে হবে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে মুম্বাই মিরর। পরিচালক সুজয় ঘোষ জানিয়েছেন, ‘আগামী বছরের মে মাসে “কাহানি ২” ছবির শুটিং শুরু করতে চাই আমি। ছবিতে দুরন্তপনায় ভরা একটি চরিত্রে অভিনয় করতে হবে বিদ্যাকে। চরিত্রের প্রয়োজনেই তাঁকে ওজন কমানোর জন্য বলেছি। আমার বিশ্বাস, ছবির শুটিং শুরুর আগেই বিদ্যা তাঁর বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে পারবেন। কারণ, এর আগে চরিত্রের প্রয়োজনে খুব সহজেই শরীরের ওজন বাড়ানো-কমানোয় সাফল্য দেখিয়েছেন তিনি।’প্রসঙ্গত, আবেদনময়ী দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘দ্য ডার্টি পিকচার’-এর নামভূমিকায় অভিনয়ের জন্য শরীরের ওজন বাড়াতে হয়েছিল বিদ্যাকে। ২০১১ সালে মুক্তি পাওয়া ওই ছবির ব্যাপক সাফল্যের পর বিদ্যা অভিনীত ‘কাহানি’ ছবি মুক্তি পায় এ বছরের ৯ মার্চ। এ ছবিতে অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে স্থূল শরীরেই ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছিলে। ‘কাহানি’ ছবির সাফল্যের পর বিদ্যা চেয়েছিলেন ওজন কমিয়ে আগের মতো মেদহীন শরীর ফিরে পেতে। কিন্তু তখন তাঁর হাতে চলে আসে ‘ঘানচক্কর’ ছবির কাজ। এ ছবিতে চরিত্রের প্রয়োজনে তাঁকে ওজন কমাতে বারণ করেন ছবির পরিচালক রাজ কুমার গুপ্ত। ‘ঘানচক্কর’ মুক্তি পাবে ২০১৩ সালের ২১ জুন।