কাহিনি নিয়ে হতাশ আলী যাকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী যাকের
আলী যাকের

সাম্প্রতিক সময়ে নির্মিত বেশির ভাগ টেলিভিশন নাটকের গল্পের মান নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের গুণী অভিনয়শিল্পী আলী যাকের।
তবে এ অবস্থা খুব বেশি দিন থাকবে না বলেও আশাবাদী তিনি। মেধাবী গল্পকার ও তরুণ নির্মাতাদের হাত দিয়ে বাংলাদেশের নাটকের বড় পরিবর্তনের ব্যাপারে আশাবাদী এই নাট্যজন।
প্রথম আলো ডটকমকে এ প্রসঙ্গে আলী যাকের বলেন, ‘অনেক নাটকে অভিনয়ের প্রস্তাব আসে। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে ইদানীং ভালো মানের গল্পের খুব অভাব। আর তাই অভিনয়ে খুব একটা আগ্রহও পাচ্ছি না। সবকিছুই কেমন যেন হালকা-পাতলা হয়ে গেছে। আর তাই নাটকের ক্ষেত্রেও এমনটা হচ্ছে। জীবন যে কত গভীর, তা বেশির ভাগ মানুষেরই ভাবার সময় নেই।’

সম্প্রতি ‘আজও চিঠি আসে’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করতে গিয়েও শেষ পর্যন্ত না করার কারণ হিসেবে এ ইঙ্গিত করেছেন তিনি।

আলী যাকের বলেন, তরুণ গল্পকার ও মেধাবী নির্মাতা আছেন কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে তাঁরা নিজেদের বিকশিত করার সুযোগ পাচ্ছেন না। তিনি বলেন, ‘পৃষ্ঠপোষকতা সমাজ থেকে আসে। আমি অন্তত এটুকু আশ্বস্ত করতে চাই যে, যদি ভালোমানের গল্প আমার কাছে আসে, তাহলে আমি অবশ্যই তার জন্য অর্থায়নের  চেষ্টা করব।’

আলী যাকের আরও বলেন, ‘এখন আমাদের পরিবারগুলো নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য টাকা-পয়সা বাড়ানোর পেছনে দৌড়াতে গিয়ে তাঁদের সন্তানদের প্রতি যে দায়িত্ব ও কর্তব্য, তা থেকে দূরে সরে যাচ্ছেন। এর ফলে এখনকার যে প্রজন্মটা তৈরি হচ্ছে তারা হয় অর্ধশিক্ষিত নয়তো অশিক্ষিত থেকে যাচ্ছে। তবে যারা মেধাবী, তাঁরা কিন্তু ঠিকই নিজেদের বিকশিত করে যাচ্ছে।’