কাহিনিনির্ভর বিজ্ঞাপনে নোবেল
এবার অন্য এক নোবেলের সঙ্গে পরিচয় ঘটবে টিভি দর্শকদের। নতুন বিজ্ঞাপনচিত্রে তাঁকে পুরান ঢাকার মানুষের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। কাহিনিনির্ভর এ বিজ্ঞাপনে নোবেল সাজবেন পুরান ঢাকার খানদানি মানুষ। তিনি পুরান ঢাকারই ভাষায় কথা বলবেন। এ সম্পর্কে নোবেল বলেন, বিজ্ঞাপনটা আসলে পরিচালকের একটা চ্যালেঞ্জ। তিনি আমাকে বলেছেন, আপনাকে এতে ভিন্নভাবে উপস্থাপন করা হবে। আমি আসলে এ নিয়ে কিছুটা ভয়ে আছি। তবে এর গল্পটা ভালো লেগেছে, দেখা যাক কী হয়।রানা মাসুদ নির্মিত বিজ্ঞাপনটির শুটিং শুরু হবে এ মাসের শেষ দিকে পুরান ঢাকায়। নির্মাতা জানান, বিজ্ঞাপনটি পুরান ঢাকার ঐতিহ্য এবং জমিদারিনির্ভর। এ সম্পর্কে রানা বলেন, সাধারণত নোবেল ভাইকে সুদর্শন বা হিরো টাইপে দেখে থাকি। তিনি এমন একজন মডেল, যাঁকে সাধারণত সব ধরনের চেহারায় মানাবে। মূলত এ নিয়েই তাঁকে এভাবে ভেবেছি। আশা করছি, নোবেল ভাইয়ের এ বিজ্ঞাপনটি দর্শকেরা খুব ভালোভাবেই গ্রহণ করবে।