
চিত্রকলার বিভিন্ন অনন্য দিকগুলো নিয়ে বলছিলেন অর্থনীতিবিদ বিনায়ক সেন—‘এই ছবিগুলো বিষয়ের দিক থেকে অত্যন্ত আধুনিক। লক্ষণীয় ব্যাপার হলো, বাংলাদেশের চিত্রকলা এর জন্ম থেকেই মানবিক ও অসাম্প্রদায়িক।’
গ্যালারি কায়ার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছে দলীয় চিত্রকর্ম প্রদর্শনীটি। গতকালের উদ্বোধনী অনুষ্ঠানেই কথাগুলো বলছিলেন বিনায়ক সেন। তিনি বিশেষ অতিথি। প্রধান অতিথি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান শারীরিকভাবে কিছুটা অসুস্থ বলে আসতে পারেননি, তাই উদ্বোধনের দায়িত্ব এখন তাঁর।
২৩ শিল্পীর ৪৪টি ছবি। প্রদর্শনীটি চলবে ২৬ জুন, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। শিল্পীর তালিকায় আছেন বিখ্যাত শিল্পীরা—জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান, আমিনুল ইসলাম, মুর্তজা বশীর, কাইয়ুম চৌধুরী, রশিদ চৌধুরী, দেবদাস চক্রবর্তী, নিতুন কুন্ডু, সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, মনিরুল ইসলাম, রফিকুন নবী, হামিদুজ্জামান খান, কালিদাস কর্মকার, শাহাবুদ্দিন আহমেদ, চন্দ্র শেখর দে, দীপা হক, তরুণ ঘোষ, রতন মজুমদার, শম্ভু আচার্য্য, রণজিৎ দাশ ও শিশির ভট্টাচার্য্য।
ঘণ্টা বাজিয়ে প্রদর্শনী উদ্বোধন হলো। এর আগে বিনায়ক সেন আরও বলছিলেন, রাজনীতিতে একটি মতাদর্শাবলম্বীরা আরেকটি মতাদর্শ থেকে কিছু নিতে চান না। অথচ চিত্রকলায় এটা দেখা যায় না। এক ধারার শিল্পীরা অন্য ধারাতেও ছবি আঁকেন। আবার একজন শিল্পী অন্য কোনো মহৎ শিল্পীর দ্বারা অনুপ্রাণিত হলেও হুবহু তাঁর মতো হতে চান না। কিন্তু রাজনীতি, অর্থনীতি, দর্শনের মতো বিষয়গুলোতে একটি মতের অনুসারীরা সেটার বাইরে যেতেই চান না।
উদ্বোধনের পর অতিথি-দর্শক সবাই মিলে ছবি দেখতে থাকেন। অর্থ পরিষ্কার হতে থাকে বিনায়ক সেনের কথাগুলোর।