
গ্যালারি কায়ায় গতকাল যে দলীয় চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়ে গেল, তাতে অংশ নেওয়া জ্যেষ্ঠ ও কনিষ্ঠ শিল্পীর বয়সের ব্যবধান ৫৮ বছর। বাংলাদেশের তিনটি প্রজন্মের ছাপচিত্রশিল্পীদের কাজের বৈচিত্র্য দেখা যাবে এ প্রদর্শনীতে।
‘ছাপাই ছবি-৩’ শিরোনামের এ প্রদর্শনীতে অংশ নিয়েছেন ১০ জন শিল্পী। এর আগে ২০১২ ও ২০১৩ সালে ছাপচিত্রের দুটি যৌথ প্রদর্শনী করেছিল কায়া। এবারের প্রদর্শনীতে প্রতিষ্ঠিত শিল্পীদের মধ্যে অংশ নিয়েছেন মুর্তজা বশীর, মনিরুল ইসলাম ও রফিকুন নবী।
পরের প্রজন্মের শিল্পীদের মধ্যে আছেন রতন মজুমদার, রোকেয়া সুলতানা, ওয়াকিলুর রহমান ও অতীন বসাক। একেবারেই তরুণ শিল্পীদের মধ্যে আছেন রাবেয়া আহমেদ, মোয়াজ্জেম হোসেন ও রাশিদা আক্তার। তাঁদের মোট ৪৮টি ছবি।
এ প্রদর্শনীতে শিল্পী মুর্তজা বশীরের যুবা বয়সে করা ছয়টি ছাপচিত্র দেখা যাবে। গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী বললেন, পঞ্চাশ ও সত্তরের দশকে করা এসব ছাপচিত্রের পর মুর্তজা বশীর আর ছাপচিত্র করেননি। ২০০৭ সালে কায়ায় শিল্পীর একক প্রদর্শনী করার সময় এসব ছাপচিত্রের খোঁজ পান তাঁরা।
সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে স্থপতি ও চিত্রসমালোচক রবিউল হুসাইন বলেন, গ্যালারির প্রধান উদ্দেশ্য হলো পুরোনো শিল্পীদের পাশাপাশি সম্ভাবনাময় সৃষ্টিশীল নতুন শিল্পীদের তুলে ধরা। এ ধরনের যৌথ প্রদর্শনীর মাধ্যমে গ্যালারি কায়া সে কাজটি করে যাচ্ছে। অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর-এ-এলাহী বলেন, শিল্প-সাহিত্য যুগ যুগ ধরে মানুষকে সভ্যতার দিকে এগিয়ে নিয়ে গেছে। তবে শিল্পীদের পৃষ্ঠপোষকতা দরকার। আগেকার দিনে রাজারা এটা করতেন। এখন সব মহল থেকে শিল্পীদের পাশে দাঁড়াতে হবে।
প্রদর্শনী চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সবার জন্য উত্তরার এ গ্যালারিটি খোলা থাকবে।