
দেয়ালে ঝুলছে অসংখ্য মুখোশ। যেন আয়না হয়ে উঠেছে মুখোশগুলো ৷ তার সামনে দাঁড়িয়ে দর্শকরা যেন দেখছেন নিজেরই মুখ। ভেতরে লুকিয়ে থাকা মানসিকতা, সুখের কিংবা দুঃখের অভিব্যক্তি বহন করছে মুখোশগুলো। মাটি, কাঠ, কাগজ, কাচ ব্যবহার করে তৈরি মুখোশগুলো যেন তুলে ধরেছে মানুষের ভেতরের মানুষটিকে৷
নানা রং, অভিব্যক্তি ও ভঙিমার নিরীক্ষাধর্মী মুখোশ নিয়ে গতকাল শুক্রবার রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায় শুরু হলো ১২ শিল্পীর যৌথ মুখোশ প্রদর্শনী। মুখোশ নিয়ে গ্যালারি কায়া অনেক দিন থেকেই ধারাবাহিক প্রদর্শনীর আয়োজন করছে। এর ধারাবাহিকতায় এটি তাদের পঞ্চম আয়োজন। ‘মুখ ও মুখোশ-পাঁচ’ নামের এ প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন: কাজী রাকিব, মাসুদা কাজী, সাইদুল হক, ফারুক আহমেদ, দেবাশিস পাল, রেজাউল ইসলাম, মো. আবদুল মোমেন, আবদুর রহিম, পিন্টু চন্দ্র দেব, দেবদাস মালাকার, সন্দীপ কুমার দেবনাথ ও অমিত কুচ।
উদ্বোধনীতে মূলত আড্ডায় মেতেছিলেন শিল্পী-অতিথিরা। শিল্পকর্ম নিয়ে পরস্পর অভিজ্ঞতা বিনিময় করেন। তবে এতে আকর্ষণীয় পর্ব ছিল ‘জলের গান’-এর পরিবেশনায় সংগীতানুষ্ঠান।
প্রদর্শনীর আয়োজক গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী জানান, মুখোশ শিল্প চর্চার প্রসার ও এতে নিয়োজিত শিল্পীদের সমন্বিত করার লক্ষ্যেই ২০০৫ সালে শুরু হয়েছিল মুখোশের প্রথম প্রদর্শনী। এবারের প্রদর্শনী ৩০ মে পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।
উত্তরার গ্যালারি কায়ায় মুখোশ প্রদর্শনীর উদ্বোধনীতে ছিল জলের গান–এর সংগীত পরিবেশনা l ছবি: প্রথম আলো