কায়ায় হামিদুজ্জামানের 'স্টোনস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদর্শনীর উদ্বোধক মোহাম্মদ আজিজ খান ও সম্মানিত অতিথি সৈয়দ মনজুরুল ইসলামকে নিজের চিত্রকর্ম নিয়ে বলছেন শিল্পী হামিদুজ্জামান খান l ছবি: প্রথম আলো
প্রদর্শনীর উদ্বোধক মোহাম্মদ আজিজ খান ও সম্মানিত অতিথি সৈয়দ মনজুরুল ইসলামকে নিজের চিত্রকর্ম নিয়ে বলছেন শিল্পী হামিদুজ্জামান খান l ছবি: প্রথম আলো

ভাস্কর হামিদুজ্জামান খানের নিপুণ দক্ষতায় কঠিন পাথর কিংবা ধাতুর পাত হয়ে ওঠে রূপময় শিল্প। জড় বস্তুটি অবয়বের গুণে প্রাণসঞ্চারী হয়ে নজর কাড়ে শিল্পানুরাগীদের। রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে হামিদুজ্জামান ভানের ‘স্টোনস’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী।
শুক্রবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন সামিট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান। সম্মানিত অতিথি ছিলেন চিত্রসমালোচক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন গ্যালারির পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী।
বাংলাদেশের ভাস্কর্যশিল্পী হিসেবে সবচেয়ে প্রবীণ ভাস্কর হামিদুজ্জামান খান শিল্পরসিকদের আরও বেশি মনোযোগ আকর্ষণ করেন, যখন তিনি ছবি আঁকেন। ক্যানভাসে তিনি ভাস্কর্যের দ্যোতনা ফুটিয়ে তোলেন ভিন্ন বিশিষ্টতায়। শিল্পীর এই প্রদর্শনীতে খোদাইকৃত পাথর রূপ নিয়েছে ডানা মেলা পাখির অবয়বে, পাথরের বুক চিরে বেরিয়ে এসেছে মানুষের মুখাবয়ব, উদ্ভাসিত হয়েছে মাছসহ প্রাণিজগতের নানা অনুষঙ্গ। রয়েছে কিছু বিমূর্ত আঙ্গিকের কাজ।
সব মিলিয়ে ৪৯টি শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। এর মধ্যে ৩১টি ভাস্কর্য। আছে ১৬টি ড্রইং ও দুটি অ্যাক্রেলিকের বড় ক্যানভাস।
প্রদর্শনী চলবে ৭ নভেম্বর পর্যন্ত।