
উত্তরার গ্যালারি কায়ায় গতকাল শনিবার শুরু হয়েছে দলগত চিত্রপ্রদর্শনী ‘ওয়াটার রাইমস-২’। সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী সমরজিৎ রায়চৌধুরী।
ওয়াটার রাইমস শিরোনামে গ্যালারি কায়ায় প্রথম প্রদর্শনী হয় ২০১২ সালে।
এবারেরপ্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন: হামিদুজ্জামান খান, অলকেশ ঘোষ, জামাল আহমেদ, কাজী রকিব, রণজিৎ দাশ, শিশির ভট্টাচার্য্য, গৌতম চক্রবর্তী, কামালউদ্দীন, সোহাগ পারভেজ ও শাহানুর মামুন।
প্রদর্শনীর বেশির ভাগ চিত্রকর্মই জলরং মাধ্যমের। রয়েছে কিছু অ্যাক্রিলিক মাধ্যমের ছবিও। এর মধ্যে শিল্পী হামিদুজ্জামান খানের ‘শিরোনামহীন’ ছবিতে ওঠে জলাভূমি, ঘরবাড়ি ও সমুদ্রসৈকত। দূরে নীল আকাশ। অলকেশ ঘোষের একটি ছবিতে রয়েছে নদীতে ছুটে চলা পালতোলা নৌকা। অন্য ছবিতে উত্তাল সমুদ্রে ভেসে বেড়ানো সাম্পান।
জামাল আহমেদের তেলরঙের ছবিতে রয়েছে চুলের সাজসজ্জায় ব্যস্ত নারী। শিল্পীর অ্যাক্রিলিক মাধ্যমের অন্য ছবিতে রয়েছে দুটি ঘোড়ার দুরন্ত ছুটে চলা। কাজী রকিবের অ্যাক্রিলিক মাধ্যমের দুটি ছবির একটিতে রয়েছে যুগল পাখি। একই মাধ্যমের অন্য ছবিতে নারীর মুখাবয়ব। শিশির ভট্টাচার্য্যের দুটি ছবিতে রয়েছে শান্ত সৈকতের পাশে কেয়া গাছের সারি। রণজিৎ দাশ এঁকেছেন পাহাড়ি এলাকায় বৃষ্টিভেজা নিসর্গ ও প্যাগোডার ছবি।
কামালউদ্দীনের ‘ওল্ড ঢাকা ২’ ছবিতে দেখা গেল পুরান ঢাকার একটি সড়কের চিত্র। যেখানে রিকশা আর গরুর গাড়ি চলছে পাশাপাশি। রয়েছে স্কুলগামী শিক্ষার্থীও। গৌতম চক্রবর্তীর ছবিতে রয়েছে মাদার তেরেসার অবয়ব, চার্লি চ্যাপলিন ও হাতি। সোহাগ পারভেজের ছবিতে উঠে এসেছে পার্বত্য এলাকার দৃশ্য ও রঙিন পালতোলা নৌকা।
গ্যালারির পরিচালক গৌতম চক্রবর্তী জানান, প্রদর্শনীটি ৭ মে পর্যন্ত চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত গ্যালারি খোলা থাকবে।
প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করেছে এডিএন গ্রুপ।