কী কথা কবরী ও শাকিবের?

মঞ্চে বক্তব্য শেষ করে দর্শক সারির চেয়ারের দিকে এগোচ্ছিলেন শাকিব। তাঁকে নিজের পাশে ডেকে নিলেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে কবরী। বাধ্য ছেলের মতো জ্যেষ্ঠ অভিনেত্রীর পাশে গিয়ে বসেন ঢালিউড হিরো শাকিব খান। এরপর শুরু হয় আলাপ। গম্ভীর মুখে কী নিয়ে কথা বলছিলেন দুজন?
গতকাল বৃহস্পতিবার সকালে ছিল দুই বছর আগে প্রয়াত চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের স্মরণসভা। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জহির রায়হান মিলনায়তনের সেই স্মরণসভায় বক্তৃতা দেন জ্যেষ্ঠ কবরী, শাকিব খানসহ চলচ্চিত্র অঙ্গনের আরও অনেকে। বাংলাদেশি সিনেমার দুই সময়ের দুই জনপ্রিয় তারকাকে একসঙ্গে পেয়ে ফ্রেমবন্দী করতে ততপর হয়ে ওঠেন ফটোসাংবাদিকেরা।
বেশ খানিকক্ষণ আলাপরত দেখা যায় দুজনকে। শুভেচ্ছা ও ফোন নম্বর বিনিময় করেন তারা। আর কি নিয়ে কথা হলো জানতে চাইলে কবরী প্রথম আলোকে বলেন, ‘একটা কথা বলার জন্য কিছুদিন ধরেই শাকিবকে খুঁজছিলাম। আজ দেখা হয়ে যাওয়ায় কথাগুলো বলে রাখলাম। নম্বর নিয়ে রেখেছি, বাকি কথা পরে বলব।’
নায়ক শাকিবের প্রশংসার পাশাপাশি কবরী ব্যক্তি শাকিবেরও প্রশংসা করলেন। বললেন, ‘শাকিব খান যে জনপ্রিয় নায়ক এ নিয়ে কোনো সন্দেহ নাই। আমি এও শুনেছি, শাকিব কোনো সিনেমায় অভিনয় করা মানে, সেটা নিয়ে প্রেক্ষাগৃহ মালিকের থাকে বাড়তি আগ্রহ। ব্যবসায়িকভাবে সেই ছবির লাভের সম্ভাবনা বেশি থাকে। তবে ব্যক্তি শাকিবকে আমার কাছে সব সময় পরোপকারী ও বিনয়ী মনে হয়েছে। এটা একজন শিল্পীর অনেক বড় একটা গুণ।’
প্রয়াত পরিচালকের স্মরণসভায় প্রিয় অভিনেত্রীর সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরে শাকিবও আনন্দিত। তিনি বলেন, ‘কড়ইতলায় ‘অহংকার’ নামে আমার নতুন একটি সিনেমার শুটিং শুরু হয়েছে। পরিচালককে অনুরোধ করে কিছু সময়ের জন্য এখানে এসেছিলাম। প্রিয় অভিনেত্রীর সঙ্গে দেখা হলো, কথা হলো। নম্বরটাও নিলাম। মুহূর্তটি দারুণ একটি স্মৃতি হয়ে রইল।’
চাষী নজরুল ইসলামের স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন, পরিচালক সমিতির সাবেক সভাপতি আমজাদ হোসেন, বর্তমান সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান, পরিচালক মশিহউদ্দিন শাকের, সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড, মোস্তাফিজুর রহমান মানিক প্রমুখ।