কিং খান লাইভ বৈশাখীতে!
আগামী ১০ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কিং খান লাইভ ইন ঢাকা’। আর এ অনুষ্ঠানটি যারা মাঠে বসে দেখতে পারবেন না তাঁদের মন খারাপের কোনো কারণ নেই। দর্শকদের কথা মাথায় রেখেই কিং খান লাইভ ইন ঢাকা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বৈশাখী টেলিভিশন। ঢাকার আর্মি স্টেডিয়ামের পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে তারা। এ উপলক্ষে কাল অন্তর শোবিজ ও বৈশাখী টেলিভিশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে।বলিউড অভিনেতা শাহরুখ খানকে বাংলাদেশে আনার ব্যাপারে এরই মধ্যে সব আয়োজন সম্পন্ন করেছে অন্তর শোবিজ। এ ব্যাপারে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘ইতিমধ্যে আমরা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে আনুষ্ঠানিকভাবে শাহরুখ খানের বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছি। কাল ২৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় ‘কিং খান লাইভ ইন ঢাকা’-সম্পর্কিত শেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি আমরা। বাংলাদেশে আসার বিষয়ে শাহরুখ খান অন্তর শোবিজকে একটি ভিডিও চিত্র পাঠিয়েছেন। সংবাদ সম্মেলনে সবাইকে এ ভিডিও চিত্রটি দেখাব।’