কিংবদন্তি সাহসিকতার পুরস্কার
সাহসী মানুষকে পুরস্কৃত করা হবে এবার। সিঙ্গার বাংলাদেশ ও চ্যানেল আইয়ের উদ্যোগে শুরু হচ্ছে ‘কিংবদন্তি সাহসিকতা পুরস্কার’ কার্যক্রম। সারা দেশ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সাহসী মানুষ খুঁজে বের করে তাঁদের এই পুরস্কার দেওয়া হবে।সমাজের উদ্যোগী লোকেরা সন্ধান দেবেন তাঁদের চারপাশের নিভৃতচারী সাহসী মানুষের। সেই তথ্যের ভিত্তিতে প্রাথমিক তালিকা তৈরি করবে দেশের স্বনামখ্যাত ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড। চূড়ান্ত যাচাই-বাছাই করে ফল ঘোষণা করবেন তাঁরা। প্রতিটি বিভাগে বিজয়ীকে নগদ দুই লাখ টাকা, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে। নতুন এ কার্যক্রমের স্লোগান ‘আপনি বা আপনার চেনা মানুষের মাঝেই খুঁজছি সাহসী সেই মুখগুলো’।গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান, অ্যাডভোকেট সুলতানা কামাল, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এ এম হামিম রহমাতউল্লাহ এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।সংবাদ সম্মেলনে জানানো হয়, নগর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সাহসী মানুষদের খুঁজে বের করা হবে এই কার্যক্রমের মাধ্যমে। এ বছর ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত সাহসিকতাপূর্ণ কাজগুলো পুরস্কারের জন্য বিবেচিত হবে। বিভাগগুলোর মধ্যে রয়েছে—‘নির্ভীক কিংবদন্তি’, ‘দৃপ্ত কিংবদন্তি’, ‘সাধক কিংবদন্তি’, ‘সীমায় অসীম’ ও ‘আজীবন সম্মাননা’। এ কার্যক্রমের জন্য গঠিত সাত সদস্যের জুরি বোর্ডের সদস্যরা হলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সুলতানা কামাল, এএসএম শাহজাহান, সেলিনা হোসেন, সৈয়দ মনজুরুল ইসলাম, সিঙ্গার বাংলাদেশ ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালকদ্বয়। যোগ্য প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজনে মরণোত্তর পুরস্কার দেওয়া হবে। এখন থেকে প্রতিবছরই এ পুরস্কার দেওয়া হবে।